কাঁচামরিচে সেঞ্চুরি, বেড়েছে সালাদ আইটেমের দাম

কাঁচামরিচে সেঞ্চুরি, বেড়েছে সালাদ আইটেমের দাম

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৩ জুন ২০২৩ । আপডেট ১৫:৫০

প্রতিবারই কোরবানি ঈদ আসলেই আগ মুহূর্তে সালাদ আইটেমের দাম হঠাৎ করে বেড়ে যায়। পেঁয়াজ, কাঁচামরিচ, শসা এবং টমেটো এসব পণ্যকে সাধারণ সালাদ আইটেম হিসেবে ধরা হয়। দুইদিন ধরে বাজারে কাঁচামরিচের দাম গত সপ্তাহের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে। গত সপ্তাহে ১৩০-১৪০ টাকায় বিক্রি হওয়া কাঁচামরিচ এ সপ্তাহে দাম বেড়ে ২৫০- ২৭০ টাকায় বিক্রি হচ্ছে। টমেটোও চড়া দামে বিক্রি হচ্ছে, প্রতি কেজি ৮০-৯০ টাকা। খুচরা বাজারেও দেশি পেঁয়াজের দাম প্রতিকেজি ৭০-৮০ টাকা।

গত সপ্তাহের তুলনা এই সপ্তাহে বাজারে কোনো সবজির দাম কমেনি। বরং অধিকাংশ সবজির দাম এ সপ্তাহে বেড়েছে। বাজারে কম দামের সবজির মধ্যে আছে শুধুমাত্র মিষ্টি কুমড়া মিলছে প্রতি কেজি ৩০ টাকায়।

শুক্রবার (২৩ জুন) সরেজমিনে রাজধানীর খিলগাঁও রেলগেট বাজার, মেরাদিয়া হাট, মালিবাগ বাজার এবং গোড়ানসহ বেশকিছু খুচরা বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে।

এ সময় দেখা যায়, গত সপ্তাহে কাঁচা মরিচ ১৩০- ১৪০ টাকায় বিক্রি হলেও বর্তমানে অস্বাভাবিকভাবে দাম বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৭০ টাকায়।

মরিচের দামের বিষয়ে খিলগাঁও বাজারের সবজি বিক্রেতা ফজলে রাব্বি বলেন, গত সপ্তাহে পাইকারি বাজার থেকে প্রতি পাল্লা (৫ কেজি) কাঁচা মরিচ ৪০০ থেকে ৫০০ টাকায় কিনেছি। কিন্তু গত দুইদিন যাবত পাইকারি বাজারে কাঁচামরিচের দাম বেড়ে প্রতি পাল্লা বিক্রি হচ্ছে ১ হাজার ৫০ টাকায়।

বাজারে, গাজরের দামও বাড়তি, প্রতি কেজি ৮০-৯০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে ৬০ টাকায় বিক্রি হওয়ার করলা এ সপ্তাহে ২০ টাকা বেড়ে প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। টমেটো গত সপ্তাহে প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি হলেও এ সপ্তাহে তা বেড়ে ৮০-৯০ টাকায় পৌঁছেছে। গত সপ্তাহের ৬০ টাকায় বিক্রি হওয়া প্রতি কেজি বরবটি দাম বেড়ে এ সপ্তাহে হয়েছে ৮০ টাকা। তবে, কচুর লতি গত সপ্তাহের মত এ সপ্তাহেও প্রতিকেজি ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

খিলগাঁও বাজারে সবজি কিনতে এসেছিলেন বেসরকারি চাকরিজীবী সোলায়মান হোসেন। কাঁচামরিচের দাম বাড়ায় একপ্রকার ক্ষুব্ধ তিনি বলেন, ঈদে চলতে অনেক কষ্ট হবে, প্রতিটা পণ্যের দাম বাড়তি। বাজারে সাধারণ মানুষের নাগালের মধ্যে এখন কিছু নেই। আড়াইশ গ্রাম কাঁচামরিচ ৬০ টাকা কিনতে হলো। যা দুইদিন আগেও ৩০ টাকায় কিনেছি। ব্যবসায়ীদের এভাবে সুযোগ বুঝে দাম বাড়ানোটা ঠিক হচ্ছে না। সরকারের এ বিষয়ে নজর দেওয়া উচিত।

বাজারে, গত সপ্তাহে ৪০ টাকায় বিক্রি হওয়া কাঁচাকলা এই সপ্তাহে একই দামে বিক্রি হচ্ছে। আলু প্রতি কেজি ৪০ টাকা। চাল কুমড়া প্রতি পিস ৪০ টাকা। পটল গত সপ্তাহের মত একই দামে প্রতি কেজি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

গত সপ্তাহে ৪০ টাকায় বিক্রি হওয়া ঢেঁড়সের দাম বেড়ে প্রতি কেজি ৫০ টাকা, মূলার দাম কেজিতে ১০ টাকা বেড়ে এই সপ্তাহে বিক্রি হচ্ছে ৫০ টাকায়। তবে পেপের দাম অপরিবর্তিত রয়েছে, প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০ টাকায়। আকার ভেদে লাউ প্রতিপিস বিক্রি হচ্ছে ৫০- ৬০ টাকায়।

গত সপ্তাহে ৫০ টাকা কেজি বিক্রি হওয়ার শসা এ সপ্তাহে বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকায়। চিচিঙ্গার দাম কেজিতে ১০ টাকা বেড়ে এই সপ্তাহে হয়েছে ৬০ টাকা। ঝিঙ্গার দামও ১০ টাকা বেড়ে হয়েছে ৬০ টাকা। । তবে বাড়েনি লম্বা বেগুনের দাম, আজও বিক্রি হচ্ছে ৬০ টাকায়। আর কাঁকরোল প্রতি কেজি ৬০ টাকায়।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading