আরও এক বছর রিয়াল মাদ্রিদেই থাকছেন মদ্রিচ
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৭ জুন ২০২৩ । আপডেট ১৬:০০
রিয়াল মাদ্রিদে লুকা মদ্রিচের ভবিষ্যৎ নিয়ে খানিকটা গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরে। সৌদি আরবের ক্লাব থেকে তাকে প্রস্তাব দেওয়া হয়েছে বলেও খবর আসে সংবাদ মাধ্যমে। তবে সব জল্পনার ইতি টেনে ইউরোপের সফলতম ক্লাবটিতেই আরও এক বছর থাকার সিদ্ধান্ত নিয়েছেন ক্রোয়াট তারকা।
৩৭ বছর বয়সী এই মিডফিল্ডারের সঙ্গে চুক্তির মেয়াদ ২০২৪ সালের জুন পর্যন্ত বাড়ানোর কথা সোমবার বিবৃতি দিয়ে জানিয়েছে রিয়াল। তার আগের চুক্তির মেয়াদ শেষ হতো আসছে ৩০ জুন। গত কয়েক দিনে এই নিয়ে চার জন খেলোয়াড় রিয়ালে চুক্তির মেয়াদ বাড়ালেন। গত সপ্তাহে মদ্রিচের মতো এক বছর মেয়াদ বাড়ান টনি ক্রুস ও নাচো ফের্নাদেস, ২০২৭ সালের জুন পর্যন্ত নতুন চুক্তি করেন দানি সেবাইয়োস।
২০১২ সালে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার থেকে রিয়ালে নাম লেখান মদ্রিচ। ক্রমেই দলটির মিডফিল্ডে তিনি হয়ে ওঠেন সবচেয়ে নির্ভরযোগ্যদের একজন। মাদ্রিদের ক্লাবটিতে ১১ মৌসুমে মোট ৪৮৮ ম্যাচ খেলেছেন তিনি। ৫টি চ্যাম্পিয়ন্স লিগ, ৩টি লা লিগা, ৫টি ক্লাব বিশ্বকাপসহ ট্রফি জিতেছেন মোট ২৩টি। রিয়াল অধ্যায়েই তিনি জিতেছেন সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার। ২০১৮ সালে জিতেছেন ব্যালন দ’র। একই বছরে দা বেস্ট ফিফা মেন’স প্লেয়ার অ্যাওয়ার্ড, ২০১৭-১৮ মৌসুমে উয়েফা বর্ষসেরা খেলোয়াড়ের খেতাবও পান তিনি। ২০২২-২৩ মৌসুমে তিনি ছিলেন ফিফা ফিফপ্রো বর্ষসেরা একাদশে, ক্যারিয়ারে যা ষষ্ঠবারের মতো।
জাতীয় দল ক্রোয়েশিয়ার হয়ে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে তিনি জেতেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল, ২০২২ কাতার বিশ্বকাপে পান ব্রোঞ্জ বল। রাশিয়ায় ফাইনালে খেলার পর সবশেষ আসরে তারা খেলে সেমি-ফাইনালে। কদিন আগে রানার্সআপ হয় উয়েফা নেশন্স লিগে।
ইউডি/সিফাত

