ওষুধ গ্রহণে ২৪% পর্যন্ত কমছে ওজন
উত্তরদক্ষিণ । বুধবার, ২৮ জুন ২০২৩ । আপডেট ১৬:৩০
আমেরিকায় ওজন কমানোর ওষুধ বেশ কার্যকর হয়েছে। এলি লিলির পরীক্ষামূলক এক ওষুধে দেখা গেছে, এক বছর নির্দেশিত মাত্রায় এ ওষুধ সেবনের পর কারও কারও ওজন ২৪% পর্যন্ত কমেছে। এটি এখন পর্যন্ত ওজন কমানোর সবচেয়ে সফল ওষুধ।
এলি লিলির ওষুধের মধ্যবর্তী পরীক্ষায় এ ফলাফল পাওয়া গেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনবিসি।
মোট ৩৩৮ জন প্রাপ্তবয়স্ক মোটা ও স্থূল মানুষের ওপর এ পরীক্ষা চালানো হয়। তাদের একাংশকে এলি লিলির ওজন কমানোর ইনজেকশন দেওয়া হয়েছে, আরেক অংশকে দেওয়া হয়েছে প্লাসেবো বা ওষুধের মতো দেখতে কার্যকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়াহীন ট্যাবলেট।
এই ইনজেকশনের নাম রিটাট্রুটাইড। যারা ১২ মিলিগ্রাম ডোজে এই ইনজেকশন নিয়েছেন, তাদের ওজন কমেছে ১৭.৫%। আর যারা প্লাসেবো খেয়েছেন, তাদের ওজন কমেছে ১.৬%।
আর যারা ৪৮ সপ্তাহ নির্দেশিত মাত্রায় রিটাট্রুটাইড নিয়েছেন, তাদের ওজন কমেছে ২৪.২%। একই সময়ে যারা প্লাসেবো সেবন করেছেন, তাদের ওজন কমেছে ২.১%।
গবেষণায় অংশ নেওয়া গবেষকেরা বলেন, এমনকি ৪৮ সপ্তাহ পরও অনেকের ওজন কমতে দেখা গেছে। ফলে ধারণা করা হচ্ছে, আরও বড় পরিসরে এই সমীক্ষা চালানো হলে ভিন্ন ফল পাওয়া যেতে পারে। এলি লিলি সম্প্রতি তৃতীয় স্তরের পরীক্ষা-নিরীক্ষার জন্য রোগীদের ভর্তি শুরু করেছে।
মাইকেল ওয়েইনট্রব নামের এক এন্ডোক্রাইনোলজিস্ট টুইট বার্তায় বলেছেন, এলি লিলির এই রিটাট্রুটাইড এখন পর্যন্ত উদ্ভাবিত সবচেয়ে কার্যকর স্থূলতা প্রতিরোধী ওষুধ।
এছাড়া এলি লিলির আরেকটি স্থূলতা প্রতিরোধী ওষুধ মৌনজারো টাইপ ২ ডায়াবেটিস রোগীদের জন্য অনুমোদন করা হয়েছে। ক্লিনিক্যাল পরীক্ষা-নিরীক্ষায় দেখা গেছে, এই ওষুধ সেবনে অনেকের ২১% পর্যন্ত ওজন কমেছে।
এছাড়া ওজন কমানোর জন্য নভো নরডিস্কের উইগভি নামের ওষুধ অনুমোদন লাভ করেছে। পরীক্ষায় দেখা গেছে, এই ওষুধ সেবনে ১৫% পর্যন্ত ওজন কমে।
ওইগভি ও মৌনজারোর মতো এলি লিলির রিটাট্রুটাইড সাপ্তাহিক ইনজেকশন। এই ওষুধ সেবনে মানুষের খাওয়া কমে যায়, অর্থাৎ একধরনের হরমোনজনিত পরিবর্তন নিয়ে আসে এই ওষুধ।
রিটাট্রুটাইড ক্ষুধা নিয়ন্ত্রণসংক্রান্ত তিন ধরনের হরমোনের অনুকরণে তৈরি। সেগুলো হলো জিএলপি-১, জিআইপি ও গ্লুকাগোন। এ কারণে মানুষের ক্ষুধা ও খাদ্য সন্তোষের ওপর অধিকতর কার্যকর প্রভাব পড়ে।
ইউডি/এআই

