বৃষ্টির দাপট থাকবে আরও ২ দিন

বৃষ্টির দাপট থাকবে আরও ২ দিন

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩ । আপডেট ১৯:১০

ঈদের খুশিতে বাগড়া দিলেও থেমে থেমে দিনভর চলমান বৃষ্টির দাপট আগামী দুই দিন পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে এই সময়ে সারাদেশে দিন-রাতের তাপমাত্রায় প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২৯ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, উত্তরপূর্ব মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপ হিসেবে একই এলাকায় অবস্থান করছে। সেই সঙ্গে মৌসুমী বায়ুর অক্ষ ভারতের পাঞ্জাব, হারিয়ানা, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়াও মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

এই অবস্থায় আগামী দুই দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। সেই সঙ্গে আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিকে, বুধবার (২৮ জুন) আবহাওয়া অধিদফতরের বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে, গত কয়েকদিনে বৃষ্টিপাতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। যদিও জলাবদ্ধতা নিরসনে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কুইক রেসপন্স টিম (কিউআরটি)। সবশেষ আজ ঈদুল আজহার দিনেও সকাল থেকে থেমে থেমে বৃষ্টিপাত হয়েছে। ফলে ঈদের নামাজের পর পাড়া-মহল্লার বাসাবাড়ির নিচতলার পার্কিংয়ের জায়গায় পশু কোরবানি দিতে দেখা গেছে ধর্মপ্রাণ মুসলিমদের।

অন্যদিকে বৃহস্পতিবার বিকেলে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, আজ দুপুর ১২টার আগে ঢাকায় ১১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকায় ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় সর্বোচ্চ ১৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ২৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামে, ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় গতকাল সর্বোচ্চ ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

ইউডি/সিফাত

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading