দেশকে এগিয়ে নিতে সকলের ভূমিকা রাখা উচিত: অর্থমন্ত্রী
উত্তরদক্ষিণ । রবিবার, ০২ জুলাই ২০২৩ । আপডেট ২০:৩০
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর পরিশ্রম করছেন। তিনি বলেন, বাংলাদেশ আজ বিশ্বে একটি রোল মডেল। দেশকে এগিয়ে নিতে এবং দেশের উন্নয়নে সরকার প্রধানের সাথে আপনার আমার সকলের ভূমিকা রাখা উচিত।
অর্থমন্ত্রী রবিবার (০২ জুলাই) কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হল রুমে উপজেলা কর্মকর্তা কর্মচারি ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা এবং বিকেলে উপজেলার বটতলী ইউনিয়ন আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করবো। কারো সাথে হিংসা বিদ্বেষ করবো না। আল্লাহ হিংসাকে পছন্দ করেন না। কে কতটুকু উপরে উঠবে এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত।
মন্ত্রী আরও বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। দেশে যত উন্নয়ন হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কারণেই তা সম্ভব হয়েছে। বঙ্গবন্ধুর কন্যার হাতকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, নাঙ্গলকোটে দলীয় কোন্দল থাকবে না। যে যা চেয়েছে, তাকে একদিনের জন্য হলেও বানিয়েছি। আজকে ছাত্রলীগের কমিটি করবে ছাত্রলীগ। যুবলীগের কমিটি করবে যুবলীগ। যারা মুরুব্বি আছেন তাদের দিয়ে উপজেলা আওয়ামী লীগ কমিটি সাজানো হবে। কেউই দলের বাহিরে থাকবে না। এ উপজেলাকে ঢেলে সাজানোর জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।
ইউডি/এজেএস

