জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকাপে শ্রীলঙ্কা
উত্তরদক্ষিণ । রবিবার, ০২ জুলাই ২০২৩ । আপডেট ২১:০০
নবম দল হিসেবে ইন্ডিয়ার মাটিতে আগামী অক্টোবরে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে খেলা নিশ্চিত করলো শ্রীলঙ্কা। স্পিনার মহেশ থিকশানার ঘূর্ণি জাদু ও ওপেনার পাথুম নিশাঙ্কার সেঞ্চুরিতে রবিবার (০২ জুলাই) সুপার সিক্সে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে জিম্বাবুয়েকে। গ্রুপ পর্ব ও সুপার সিক্স মিলিয়ে এখন পর্যন্ত ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে নবম দল হিসেবে বিশ্বকাপে খেলার টিকিট পায় ১৯৯৬ সালের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। বিশ্বকাপে খেলার জন্য এখন আর মাত্র একটি স্পট ফাঁকা রয়েছে।
জিতলেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত, এমন সমীকরণ নিয়ে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে মুখোমুখি হয় শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। টস হেরে প্রথমে বোলিং করতে নামে শ্রীলঙ্কা। এতে ৩২ দশমিক ২ ওভারে ১৬৫ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। শেষ দিকে রায়ান বার্ল ১৬, ব্রাড ইভান্স ১৪ ও লুক জঙ্গি ১০ রান করেন। শ্রীলংকার থিকশানা ৪টি, মধুশঙ্কা ৩টি ও পাথিরানা ২টি উইকেট নেন।
জবাবে শ্রীলঙ্কাকে ১০৩ রানের সূচনা এনে দেন দুই ওপেনার নিশাঙ্কা ও দিমুথ করুনারতেœ। জুটিতে ৩০ রান অবদান রেখে ফিরেন করুনারত্নে। দ্বিতীয় উইকেটে ৬৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে শ্রীলংকার জয় ও বিশ্বকাপে খেলা নিশ্চিত করেন নিশাঙ্কা। ৩২ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি তুলে ১০১ রানে অপরাজিত থাকেন তিনি। ১০২ বল খেলে ১৪টি চার মারেন নিশাঙ্কা। ম্যাচ সেরা হন থিকশানা।
নবম দল হিসেবে শ্রীলঙ্কা বিশ্বকাপ নিশ্চিত করায় বাকি একটি জায়গার জন্য এখন লড়াই করছে জিম্বাবুয়ে, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস। জিম্বাবুয়ের ৬ (১টি ম্যাচ বাকি), স্কটল্যান্ডের ৪ (২টি ম্যাচ বাকি) এবং নেদারল্যান্ডসের ২ পয়েন্ট (২টি ম্যাচ বাকী) আছে।
ইউডি/এজেএস

