মশা নিধনে ডিএসসিসির ৩ দিনব্যাপী চিরুনি অভিযান
উত্তরদক্ষিণ । মঙ্গলবার , ০৪ জুলাই ২০২৩ । আপডেট ১০:২০
এডিস মশা নিধনে ৩ দিনব্যাপী বিশেষ চিরুনি অভিযান শুরু করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আগামী ৬ জুলাই পর্যন্ত এই চিরুনি অভিযান চালাবে সংস্থাটি।
মঙ্গলবার (৪ জুলাই) ডিএসসিসির ৪১ নম্বর ওয়ার্ডের বলদা গার্ডেন এলাকায় এই অভিযানের উদ্বোধন করার কথা রয়েছে।
ডিএসসিসি জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের জানান, এডিস মশার প্রজননস্থল নিধনে দক্ষিণ সিটির ২৫টি ওয়ার্ডে ৩ দিনব্যাপী বিশেষ চিরুনি অভিযান শুরু হবে। সকাল ১০টায় ৪১ নম্বর ওয়ার্ডের বলদা গার্ডেন এলাকায় এই অভিযানের উদ্বোধন করবেন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান।
সিটি করপোরেশন সূত্রে জানা যায়, এলাকাভিত্তিক মশার প্রজননক্ষেত্র ধ্বংস করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিদিনের ডেঙ্গুরোগীদের তথ্য পর্যালোচনার ভিত্তিতে অভিযানের জন্য ওয়ার্ডগুলো ঠিক করা হয়েছে।
ইউডি/কেএস

