অবসর ভেঙে ক্রিকেটে ফিরছেন তামিম
উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৭ জুলাই ২০২৩ । আপডেট ১৮:০৫
অবশেষে অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল। একদিনের ব্যবধানেই সিদ্ধান্ত পরিবর্তন করলেন তিনি। শুক্রবার (০৭ জুলাই) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনার পর এই কথা জানান বাঁহাতি এই ওপেনার।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে তামিম বলেন, প্রধানমন্ত্রী আমাকে ডাকেন এবং তার সাথে আমার মন খুলে আলোচনা হয়েছে। আমি আমার অবসরের যাওয়ার সিদ্ধান্ত ফিরিয়ে নিচ্ছি। আমি সকলকে না বলতে পারলেও দেশের প্রধানমন্ত্রীকে না বলতে পারিনি।
গতকাল বৃহস্পতিবার আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর সরব হয়ে উঠেছে দেশের ক্রীড়াঙ্গন। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তামিমকে নিয়ে ক্রিকেটীয় স্মৃতি এবং আবেগমাখা পোস্ট দিয়ে যাচ্ছেন ভক্তরা। এর মাঝেই গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যার পর গুঞ্জন ওঠে তামিমকে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তীতে যদিও তামিমের ঘনিষ্ঠ সূত্রে বিষয়টি গুজব বলে জানা যায়। তবে তারপর ২৪ ঘণ্টা পার না হতেই এবার গণভবনে গেছেন তামিম। শুক্রবার সকালেই চট্টগ্রাম ছেড়ে ঢাকায় এসেছেন তামিম। তারপরই দুপুরের দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গণভবনে যান তামিম।
ইউডি/এজেএস

