ইউক্রেনের ত্রাণ বিতরণ কেন্দ্রে রাশিয়ার হামলা, নিহত ৭
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩ । আপডেট ১২:২০
মানবিক সহায়তা বিতরণ কেন্দ্রে রাশিয়া হামলা চালিয়েছে বলে অভিযোগ ইউক্রেনের। দক্ষিণ-পূর্ব ইউক্রেনে ওই হামলায় নিহত হয়েছে ৭ জন। এছাড়া ইউক্রেনীয় কর্মকর্তা জানিয়েছেন, দেশটির পূর্বে রাশিয়ার গোলাগুলিতে দুইজন নিহত হয়েছে।
ইউক্রেনের জাপোরিজিয়া অঞ্চলের গভর্নর ইউরি মালাশকো বলেছেন, ছোট শহর ওরিখিভে মানবিক সহায়তা বিতরণ কেন্দ্র হিসেবে ব্যবহার করা একটি স্কুল ভবনে রোববার হামলা চালিয়েছে রাশিয়া।
মালাশকো এই হামলাকে ‘যুদ্ধাপরাধ’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘তারা আবাসিক এলাকায় একটি মানবিক সহায়তা বিতরণের জায়গায় আঘাত করেছিল।’
তিনি জানান, ঘটনাস্থলেই চারজন মারা যান। তাদের মধ্যে তিনজন ৪৩, ৪৫ ও ৪৭ বছর বয়সি নারী এবং একজন ৪৭ বছর বয়সি পুরুষ।
এরপর থেকে মৃতের সংখ্যা বেড়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ইউক্রেনের জরুরি পরিষেবা সোমবার জানিয়েছে, ‘উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচ থেকে তিনজনের মরদেহ বের করেছে। মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।’
উদ্ধার ও পুনরুদ্ধারের কাজ সম্পূর্ণ হয়েছে। মালাশকো বলেন, হামলায় আহত ১১ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ইউক্রেনের জেনারেল প্রসিকিউটর অফিস জানিয়েছে, ঘটনাটি যুদ্ধাপরাধ হিসেবে তদন্ত করা হচ্ছে।
প্রসিকিউটরের কার্যালয় আরও বলেছে যে সোমবার দোনেৎস্ক অঞ্চলের হোস্ট্রে গ্রাম এবং আভিভকা শহরে রাশিয়ার গোলাবর্ষণে দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছে।
সূত্র: আল জাজিরা
ইউডি/কেএস

