বিদেশিদের হস্তক্ষেপ বাংলার জনগণ মেনে নেবে না : আব্দুর রাজ্জাক
উত্তরদক্ষিণ । বুধবার, ১২ জুলাই ২০২৩ । আপডেট ১৮:৪৫
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, বিদেশিরা বাংলাদেশের উন্নয়ন সহযোগী। তবে দেশের অভ্যন্তরীণ বিষয়ে তাদের হস্তক্ষেপ জনগণ মেনে নেবে না। বুধবার (১২ জুলাই) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ সংলগ্ন রাস্তায় ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি।
আব্দুর রাজ্জাক বলেন, আপনারা আমাদের উন্নয়ন সহযোগী। ৩০ লাখ শহীদের রক্ত আর ২ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমরা সংবিধান পেয়েছি। সেই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। বিদেশি বন্ধুদের প্রতি সম্মান জানিয়ে বলতে চাই, এই ব্যাপারে আপনারা হস্তক্ষেপ করবেন না। যদি আপনারা হস্তক্ষেপ করেন তবে বাংলার জনগণ তা মেনে নেবে না।
শান্তি সমাবেশ জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে মন্তব্য করে আব্দুর রাজ্জাক বলেছেন, আজকে আওয়ামী লীগের সমাবেশে যে উত্তাল তরঙ্গ সৃষ্টি হয়েছে সেই তরঙ্গে বিএনপির একদফার আন্দোলন ভেসে যাবে। তিনি বলেন, আজকে সল্প সময়ে আওয়ামী লীগের ডাকে যতো মানুষ ও নেতাকর্মী এসেছে তাতে প্রমাণিত হয় শেখ হাসিনার নেতৃত্বে জনগণ ঐক্যবদ্ধ। আর আজকে আওয়ামী লীগের সমাবেশে যে উত্তাল তরঙ্গ সৃষ্টি হয়েছে সেই তরঙ্গে বিএনপির একদফার আন্দোলন ভেসে যাবে।
তিনি আরও বলেন , বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, ততবারই দেশে সারের সংকট হয়েছে। মানুষ সার, বীজের জন্য জীবন দিয়েছিল। তারা ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালীন সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। বর্তমানে তারা দেশকে আবারও পাকিস্তান বানাতে চায়।
শান্তি সমাবেশে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেন, আজকের বিএনপির সমাবেশে প্রমাণ হয়েছে শেখ হাসিনা ছাড়া আর কারো এদেশে ক্ষমতায় থাকার অধিকার নেই। কারণ বিএনপি একটি সন্ত্রাসী দল। সন্ত্রাস ছাড়া আর কিছু বোঝে না। তারা আইন, গণতন্ত্র ও নির্বাচন মানে না। তারা সন্ত্রাস ও ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়।
ইউডি/এজেএস

