বজ্রঝড়ের কারণে আমেরিকায় ২৬০০ ফ্লাইট বাতিল

বজ্রঝড়ের কারণে আমেরিকায় ২৬০০ ফ্লাইট বাতিল

উত্তরদক্ষিণ । সোমবার, ১৭ জুলাই ২০২৩ । আপডেট ১৫:৩০

আমেরিকায় বজ্রঝড়ের কারণে ২৬০০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া নির্ধারিত সময়ের চেয়ে বিলম্বিত হয়েছে প্রায় আট হাজার ফ্লাইট। এই ফ্লাইট বাতিল ও বিলম্বের বেশিরভাগই ঘটেছে দেশটির উত্তর-পূর্ব অঞ্চলে। সোমবার (১৭ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এবিসি নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, বজ্রঝড়ের কারণে স্থানীয় সময় রোববার আমেরিকাজুড়ে ২৬০০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া প্রায় আট হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে। আমেরিকার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) তথ্য অনুসারে, ফ্লাইট বাতিল এবং বিলম্বের বেশিরভাগই দেশের উত্তর-পূর্ব অঞ্চল থেকে রিপোর্ট করা হয়েছে।

অন্যদিকে উত্তর-পূর্ব অঞ্চলে রবিবার ১৩২০টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে পৃথক প্রতিবেদনে জানিয়েছে এনবিসি নিউজ। এর মধ্যে নিউ জার্সির নেওয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বাতিল করা হয়েছে ৩৫০টিরও বেশি ফ্লাইট।

এছাড়া খারাপ আবহাওয়া জন এফ কেনেডি বিমানবন্দর এবং লা গার্ডিয়া বিমানবন্দরের গ্রাউন্ড কার্যকমকেও বন্ধ করতে প্ররোচিত করেছিল বলে সংবাদমাধ্যমটি জানিয়েছে। এই পরিস্থিতিতে যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে ফ্লাইটের সময় এবং আবহাওয়ার অবস্থা পরীক্ষা করার অনুরোধ করে বেশ কয়েকটি এয়ারলাইন্স।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার.কম-এর তথ্য অনুযায়ী, জন এফ কেনেডি বিমানবন্দরে ৩১৮টি ফ্লাইট বাতিল হয়েছে এবং আরও ৪২৬টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। লা গার্ডিয়া বিমানবন্দরে বাতিল হয়েছে ২৭০টি ফ্লাইট এবং বিলম্বিত হয়েছে ২৭০টি ফ্লাইট।

এছাড়া বোস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে ২৫৯টি ফ্লাইট বাতিল হয়েছে এবং বিলম্বিত হয়েছে আরও ৪৫৯টি ফ্লাইট।

রয়টার্স বলছে, আমেরিকার উত্তর-পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ভারী বৃষ্টিপাতের জেরে বন্যা দেখা দিয়েছে। আমেরিকার জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস) অনুসারে, নিউইয়র্ক, নিউজার্সি, কানেকটিকাট, পেনসিলভানিয়া, ম্যাসাচুসেটস এবং ভার্মন্টের কিছু অংশ বন্যা সতর্কতার অধীনে রয়েছে। এছাড়া এই অঞ্চলের অঙ্গরাজ্যগুলো প্রবল বৃষ্টিপাত এবং ‘জীবনের জন্য হুমকিস্বরূপ’ আকস্মিক বন্যার মুখে পড়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading