মেসির জন্য মাঠের ঘাসও বদলাচ্ছে মিয়ামি

মেসির জন্য মাঠের ঘাসও বদলাচ্ছে মিয়ামি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩ । আপডেট ১১:২০

বিশ্বজয়ী ফুটবল তারকা লিওনেল মেসি ইউরোপকে বিদায় জানিয়ে খুঁজে নিয়েছেন নতুন ঠিকানা। ক্লাব ফুটবলে এখন তিনি খেলবেন মেজর লিগ সকারের ইন্টার মিয়ামির হয়ে। অনেক জল্পনা-কল্পনার পর গত ১৬ জুলাই আমেরিকান দলটি ফুটবল জাদুকরকে আনুষ্ঠানিকভাবে দর্শকদের সামনে উপস্থাপন করেছে। এখন অপেক্ষা শুধু মাঠে নামার। শুক্রবার মিয়ামির হয়ে অভিষেক ম্যাচ খেলার কথা ছিল মেসির। কিন্তু সেটা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। লা পুলগার কথা ভেবেই অভিষেক পিছিয়ে দেওয়া হতে পারে। এবং আর্জেন্টাইন তারকার জন্য সেখানকার মাঠেও বড় বদল আসতে পারে।

মেসির যুক্তরাষ্ট্র খেলতে আসা সে দেশের ফুটবলেও বড় পরিবর্তন করবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই তা প্রকাশ পাচ্ছে, শুক্রবারের ম্যাচের টিকিট বিক্রি বেড়ে গিয়েছে বহুগুন। যদিও তারা মাঠে এসে মেসিকে দেখতে পারবেন কি না তা এখনও স্পষ্ট নয়। এছাড়া মিয়ামির মাঠের কৃত্রিম ঘাস (অ্যাস্ট্রোটার্ফ) সরিয়ে ফেলার পরিকল্পনা হচ্ছে। কেননা অ্যাস্ট্রোটার্ফে খেললে চোট পাওয়ার সম্ভাবনা বেশি।

বিশ্বকাপজয়ী তারকা লিওর ক্লাব মিয়ামিতে সাধারণ ঘাস রয়েছে। ঘরের মাঠে মেসির তাই কোনও অসুবিধা নেই। কিন্তু সিয়াটেল, অ্যাটলান্টা, নিউ ইংল্যান্ড, শার্লট এবং পোর্টল্যান্ডের মাঠে কৃত্রিম ঘাস রয়েছে। সেই সব মাঠে লিগের ম্যাচ খেলতে গেলে মেসিকে কৃত্রিম ঘাসে খেলতে হবে। যা চিন্তা বাড়িয়েছে আয়োজকদের।

যেহেতু কৃত্রিম ঘাসের মাঠ পরিচর্যা করার খরচ কম, তাই অনেক জায়গাতেই এই ধরনের ঘাস ব্যবহার করা হয়। আমেরিকার মেজর সকার লিগের নিয়মে সেই মাঠ নিয়ে কোনও নিষেধাজ্ঞাও নেই। তবে মেসি খেলতে আসার পর লিগের তরফে সব জায়গার মাঠেই সাধারণ ঘাস লাগানোর কথা বলা হচ্ছে।

এ লিগের কমিশনর ডন গারবের বলেন, ‘আমেরিকায় অনেক আন্তর্জাতিক ম্যাচ হয়। সেগুলি ঘাসের মাঠেই হয়। কিন্তু লিগের সব দলের সেই মাঠ নেই। আমি আশা করি সেই সব দল নিজেদের মাঠের ঘাস বদলাবে। সেটা করতে যদিও সময় লাগবে। অনেক আন্তর্জাতিক তারকা মেজর লিগ সকারে খেলতে আসছেন। তাদের অনেকে কৃত্রিম ঘাসে খেলতে রাজি নন। যদিও থিয়েরি অরি এবং কাকার মতো ফুটবলার এসে খেলে গিয়েছিলেন এই ধরনের মাঠেই।’

মিয়ামির অন্যতম মালিক ইংল্যান্ডের সাবেক ফুটবলার বেকহ্যাম মেসির প্রথম ম্যাচ না খেলা নিয়ে বলেন, ‘মেসি শুক্রবার খেলবে কি না জানি না। খেললেও কতক্ষণ খেলবে জানি না। আমার মনে হয় ওর নিজেকে তৈরি করতে সময় লাগবে। আমাদের ওর দিকটাও তো দেখতে হবে। ও এতো দিন ছুটিতে ছিল। মায়ামিতে সবে এসেছে, অনুশীলন শুরু করেছে।’

এছাড়া বেকহ্যাম মেসির দলে নামা নিয়ে বলেন, আর্জেন্টিনার অধিনায়ক কবে থেকে খেলবেন, সেই সিদ্ধান্ত নেবেন কোচ টাটা মার্টিনো এবং অবশ্যই মেসি নিজে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading