রাজধানীতে যুবলীগের ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ সোমবার
উত্তরদক্ষিণ । শুক্রবার, ২১ জুলাই ২০২৩ । আপডেট ১৪:৫০
আগামী সোমবার (২৪ জুলাই) ঢাকা বিভাগীয় ‘তারণ্যের জয়যাত্রা’ সমাবেশ করবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। রাজধানীর সাবেক বাণিজ্য মেলার মাঠে (বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সংলগ্ন) এই সমাবেশ আয়োজন করবে সংগঠনটি।
যুবলীগের দফতর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ জানান, শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে উন্নীতকরণের লক্ষ্যে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে দেশব্যাপী ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশের ধারাবাহিকতায় আগামী সোমবার এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
ঢাকা বিভাগের অন্তর্গত ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ মহানগর ও টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, ঢাকা জেলা এবং ময়মনসিংহ জেলার (ভালুকা ও ত্রিশাল উপজেলা) সমন্বয়ে সমাবেশ আয়োজন করা হচ্ছে বলে জানান মাসুদ।
সমাবেশে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। এছাড়া সঞ্চালনায় থাকবেন সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।
উল্লেখিত জেলা ও মহানগরগুলো ব্যতীত ঢাকা বিভাগের জেলাভিত্তিক পূর্ব ঘোষিত তারিখে (২২ জুলাই) ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ অনুষ্ঠিত হবে।
দলের চেয়ারম্যান ঢাকা বিভাগীয় ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশে জেলা ও মহানগরকে আহ্বান করা হয়েছে। সংশ্লিষ্ট জেলা ও মহানগরকে আগামী ২৪ জুলাই অনুষ্ঠিতব্য ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ সফল করতে যাবতীয় প্রস্তুতি নিতে বলেন।
ইউডি/কেএস

