এলিট ক্লাবে ক্যাপ্টেন আমেরিকা
কিফায়েত সুস্মিত । বুধবার, ২৬ জুলাই ২০২৩ । আপডেট ১৫:১০
আমেরিকান অভিনেত্রী ব্রি লারসন। সুপারহিরো হয়ে ২০১৯ সালে মার্ভেলের সঙ্গে যাত্রা শুরু হয় তার। এবার এই মার্ভেলের এলিট ক্লাবে নাম লেখালেন তিনি। সম্প্রতি ব্রি লারসনের নতুন ‘দ্য মার্ভেলস’ সিনেমার ট্রেলার বের হয়েছে। যেখানে বিধ্বংসী রূপে হাজির হয়েছেন তিনি। পৃথিবীকে অশুভশক্তির হাত থেকে বাঁচাতে মরিয়া তিনি।
দুই মিনিট ১৯ সেকেন্ডের এই ট্রেলারে তার চরিত্র সবাইকে মুগ্ধ করেছে। মাত্র তিন দিনে ট্রেলারটি মার্ভেলের অফিসিয়াল ইউটিউবে ১৫ মিলিয়ন দর্শক দেখেছে। এরপরই তাকে এমসিউর এলিট ক্লাবের সদস্য হিসেবে ঘোষণা করে মার্ভেল।
ব্রির ছবি শেয়ার করে তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে বলা হয়, সুপার হিরোদের অভিজাত ক্লাবে তোমাকে স্বাগতম ব্রি লারসন। তুমি এখন থেকে রবার্ট ডাউনি জুনিয়র, ক্রিস হেমসওয়ার্থ ও ক্রিস ইভান্সদের কাতারে।
‘ক্যাপ্টেন মার্ভেল’-এর সাফল্যের রেশ ধরে নির্মিত হচ্ছে সিনেমাটির সিক্যুয়েল দ্য মার্ভেলস। নতুন এই সিনেমাটি শুরু থেকেই দর্শক আগ্রহের কেন্দ্রে রয়েছে। এমনকি বিলিয়ন ডলার বাজেটের সিনেমাটিতে অস্কারজয়ী ব্রি লারসন আবারও নতুন চমকে সুপারহিরো অবতারে হাজির হতে যাচ্ছেন। পাশাপাশি তার সঙ্গে সিনেমাটির গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে যুক্ত হয়েছেন অভিনেত্রী ইমান ভেলানি ও তেয়োনাহ প্যারিস।
সিনেমাটিতে এই তিন সুপারপাওয়ার ত্রয়ীকে দলবদ্ধ হয়ে বিশ্বকে বাঁচাতে দেখবে দর্শক। সিনেমাটি নির্মাণ করেছেন নিয়া ডি’কস্তা। আগামী ১০ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে দ্য মার্ভেলস।
প্রসঙ্গত, ক্যাপ্টেন মার্ভেল সর্বপ্রথম ২০১৯ সালে মুক্তি পায়। মার্ভেল কমিক্সের ক্যারল ড্যানভার্সের চরিত্রের ওপর ভিত্তি করে নির্মিত। ১৯৯৫ সালের পটভূমিতে ভিনগ্রহের দুটি সভ্যতার সংঘর্ষের মাঝে পৃথিবীতে আটকে পড়া ও ড্যানভার্সের ক্যাপ্টেন মার্ভেল হয়ে ওঠা নিয়ে চলচ্চিত্রটির গল্প আবর্তিত হয়।
২০১৩ সালের মে মাসের প্রথম দিকে চলচ্চিত্রটির কাজ শুরু হয়। ২০১৪ সালের অক্টোবর মাসে আনুষ্ঠানিকভাবে মার্ভেল স্টুডিও প্রথম নারীকেন্দ্রিক অতি মানবীয় চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দেয়। এপ্রিলে চরিত্রটির বিষয়ে তাদের পৃথক পরিকল্পনা জানানোর পর নিকোল পার্লম্যান ও মেঘ লিফভকে চরিত্রগুলো রচনার জন্য নিযুক্ত করা হয়। গল্পটি রয় থমাসের ১৯৭১ সালের ‘ক্রি-স্ক্রল ওয়ার’ কমিক বই অবলম্বনে তৈরি।
২০১৬ সালে আন্তর্জাতিক সান দিয়েগো কমিক-কনে ড্যানভার্স চরিত্রের জন্য লারসনের নাম ঘোষণা করা হয় এবং চলচ্চিত্রটি পরিচালনার জন্য ২০১৭ সালের এপ্রিলে বডেন ও ফ্লেককে নিযুক্ত করা হয়।
ক্যাপ্টেন মার্ভেল ২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারি লন্ডনে প্রথম দেখানো হয় এবং ৮ মার্চ, ২০১৯ আমেরিকার আইম্যাক্স ও থ্রিডি থিয়েটারগুলোতে মুক্তি পায়। চলচ্চিত্রটি বিশ্বব্যাপী এক বিলিয়ন আমেরিকার ডলারেরও বেশি উপার্জন করে, যা নারী সুপারহিরো চলচ্চিত্র হিসেবে সর্বোচ্চ আয়কারী সিনেমা।
২০১৯ সালের সর্বোচ্চ উপার্জনকারী চলচ্চিত্র হিসেবেও এটি সমাদৃত। সর্বকালের নবম সর্বোচ্চ উপার্জনকারী সুপারহিরো চলচ্চিত্র এবং সামগ্রিকভাবে ২৫তম সর্বোচ্চ উপার্জনকারী চলচ্চিত্র।

