২৯০ এমপির শপথের বৈধতার আপিল শুনানি মুলতবি
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩ । আপডেট ১২:৩০
একাদশ জাতীয় সংসদের ২৯০ এমপির শপথের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজের বিরুদ্ধে আপিল শুনানি রবিবার (৩০ জুলাই) পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার (২৭ জুলাই) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ৭ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।
এদিন আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন উপস্থিত ছিলেন।
গত ১২ জুন একাদশ জাতীয় সংসদের ২৯০ এমপির শপথের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজের বিরুদ্ধে আপিল শুনানির জন্য দিন ধার্য করেন চেম্বার আদালত।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর ২৯০ সংসদ সদস্যর শপথকে অবৈধ দাবি ও তাদের পদে থাকার বৈধতা নিয়ে করা রিট ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে খারিজ করেছিলেন হাইকোর্ট। ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে একই বছরের সেপ্টেম্বরে আবেদন করা হয়।
২৯০ জনের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়া ও পদে থাকা নিয়ে ২০১৯ সালের ২০ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী তাহেরুল ইসলাম রিট করেন। দশম সংসদের মেয়াদ শেষ হওয়ার আগেই একাদশ সংসদে নির্বাচিত ব্যক্তিরা শপথ নিয়ে দায়িত্বভার গ্রহণ করেছেন বলে এই রিটে দাবি করা হয়।
ইউডি/কেএস

