সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে খসড়া নীতিমালা অনুমোদন

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে খসড়া নীতিমালা অনুমোদন

কিফায়েত সুস্মিত । বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩ । আপডেট ১৩:০৫

গভীর ও অগভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান ও অংশীদারত্ব নিয়ে চুক্তির খসড়া নীতিমালা (মডেল পিএসসি) অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (২৬ জুুলাই) কমিটির বৈঠকে ‘বাংলাদেশ অফশোর মডেল প্রডাকশন শেয়ারিং কনট্রাক্ট’ শীর্ষক এ নীতিমালা অনুমোদন দেওয়া হয়। এখন এ নীতিমালা মেনে সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান ও আবিষ্কৃত খনিজ সম্পদের অংশীদারত্ব চূড়ান্ত করে আন্তর্জাতিক কোম্পানিগুলোকে কাজ দেওয়া যাবে। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় প্রণীত এই নীতিমালা প্রধানমন্ত্রী কার্যালয়ের অনুমোদন পেয়ে এসেছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। সভা পরবর্তী সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বলেন, দেশের উত্তরোত্তর অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটানোর নিমিত্তে গভীর ও অগভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানের লক্ষ্যে প্রণীত ‘বাংলাদেশ অফশোর মডেল প্রডাকশন শেয়ারিং কনট্রাক্ট পিএসসি-২০২৩’ অনুমোদন দেওয়া হয়েছে।

৫ উন্নয়ন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে পাঁচ হাজার কোটি টাকা

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক ঢাকা- সিলেট, ময়মনসিংহ এবং বগুড়ায় ৫ উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৫৪ কোটি ৬৯ লাখ ১২ হাজার ১৩০ টাকা। বুধবার (২৬ জুলাই) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের বলেন, ‘ময়মনসিংহে কেওয়াটখালী সেতু নির্মাণ’ প্রকল্পে ২ হাজার ১৩৭ কোটি ৯৭ লাখ ৩৪ হাজার ৭২১ টাকা, ‘বগুড়া (জাহাঙ্গীরাবাদ) নাটোর মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততা প্রকল্পে ১২৫ কোটি ২১ লাখ ৮৪ হাজার ৩৫৯ টাকা, ‘সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন’ প্রকল্পে ১ হাজার ৮২ কোটি ১৪ লাখ ৭৫ হাজার ৩৩৯ টাকা, ‘সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন’ প্রকল্পে ১ হাজার ৪২২ কোটি ৯৫ লাখ ১৭ হাজার ৭১১ টাকা, ‘টাঙ্গাইল-দেলদুয়ার- লাউহাটি-সাটুরিয়া-কাওয়ালীপাড়া-কালামপুর বাসস্ট্যান্ড সড়ক আঞ্চলিক মহাসড়কের যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ প্রকল্পে ২৮৬ কোটি টাকা, ‘বগুড়া (জাহাঙ্গীরাবাদ) নাটোর মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (১ম সংশোধিত)’ প্রকল্পে ডব্লিউপি-০৪ প্যাকেজের ক্রয় প্রস্তাব বাতিলপূর্বক পুনঃদরপত্র আহ্বানের অনুমোদন দেওয়া হয়েছে।

১৬ লাখ ৮০ হাজার টন জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত

পাঁচ দেশের ছয়টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে প্রায় ১৬ লাখ ৮০ হাজার মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। একইসঙ্গে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে আইনি পরামর্শক দাতার ব্যয় বাড়ানোর প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (২৬ জুলাই) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের বলেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বিপিসি কর্তৃক বিভিন্ন দেশের ৬টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান (পিটিটিটি থাইল্যান্ড, ইএনওসি আরব আমিরাত, পেট্রোচিনা চীন, বিএসপি ইন্দোনেশিয়া, পিটিএলসিএল মালয়েশিয়া ও ইউনিপেক চীন) থেকে ২০২৩ সালের জুলাই থেকে ডিসেম্বর সময়ের জন্য ১৬ লাখ ৮০ হাজার মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল প্রিমিয়াম ও রেফারেন্স প্রাইসসহ ১২ হাজার ৮৫০ কোটি ৮৭ লাখ টাকায় আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সাঈদা মাহবুব আরও বলেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল) কর্তৃক এলএনজি সংক্রান্ত কার্যক্রমে সহায়তার জন্য লিগ্যাল কনসালট্যান্ট হিসেবে নিয়োজিত মিস্টার ওয়েস্ট জুনিয়রকে অ্যামেন্ডমেন্ট -১ বাবদ অতিরিক্ত ১৩ কোটি ১৬ লাখ ১৯ হাজার ২১৪ টাকা ব্যয় বৃদ্ধি করে সংশোধিত চুক্তি সম্পাদনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

টিসিবির জন্য ৩২৪ কোটি টাকায় কেনা হবে তেল-ডাল ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১৫৫ লাখ লিটার তেল এবং ৮ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৩২৪ কোটি ৫০ লাখ ২০ হাজার টাকা। বুধবার (২৬ জুলাই) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহমুদ খান সাংবাদিকদের জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন টিসিবি কর্তৃক ২০২৩-২০২৪ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৮০ লাখ লিটার সয়াবিন তেল মেঘনা ইডিবল ওয়েলস রিফাইনারি লিমিটেডের কাছ থেকে ১৩১ কোটি ১৬ লাখ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন টিসিবি কর্তৃক স্থানীয়ভাবে সরাসরি ক্রয় (ডিএমপি) পদ্ধতিতে ৭৫ লাখ লিটার রাইন ব্রান ওয়েল ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট খরচ হবে ১১৭ কোটি ৭৫ লাখ টাকা। মজুমদার প্রোডাক্টস অ্যান্ড মজুমদার ব্র্যান্ড লিমিটেড, অ্যাগ্রো প্রোডাক্টস লিমিটেড এবং আলী ন্যামনাল ওয়েল ইন্ডাস্ট্রি লিমিটেডের থেকে এই তেল কেনা হবে। এছাড়াও বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন টিসিবি কর্তৃক ২০২৩-২০২৪ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৮ হাজার টন মসুর ডাল নাবিল নাবা ফুডস লিমিটেডের কাছ থেকে ৭৫ কোটি ৫৯ লাখ ২০ হাজার টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

২২৮ কোটি টাকায় সাড়ে ৬ কোটি বই কিনবে সরকার: ২০২৪ শিক্ষাবর্ষের জন্য প্রায় সাড়ে ৬ কোটি বই কিনবে সরকার। ইবতেদায়ি, মাধ্যমিকের ৬ষ্ঠ শ্রেণি, দাখিল ৬ষ্ঠ শ্রেণি ও কারিগরি ৬ষ্ঠ শ্রেণির বিনামূল্যের বই কিনতে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (২৬ জুলাই) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকটি শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সচিব সাঈদ মাহবুব খান বিস্তারিত জানান। তিনি বলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক ২০২৪ শিক্ষাবর্ষের ইবতেদায়ি, মাধ্যমিক ৬ষ্ঠ শ্রেণি, দাখিল ৬ষ্ঠ শ্রেণি ও কারিগরি ৬ষ্ঠ শ্রেণির বিনামূল্যের ৬ কোটি ৪৫ লাখ ৪৮ হাজার ৩০৮টি বই কেনা হবে। ৯১টি লটে প্রথম সর্বনিম্ন দরদাতা এবং ৯টি লটে ২য় সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে ২২৮ কোটি ৬৫ লাখ ৪৫ হাজার ৭৮৩ টাকায় মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading