আগামী তিন দিন বাড়বে বৃষ্টিপাতের প্রবণতা

আগামী তিন দিন বাড়বে বৃষ্টিপাতের প্রবণতা

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৪ আগস্ট ২০২৩ । আপডেট ১৪:১০

আগামী তিন দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। সেই সঙ্গে আগামী ২৪ ঘণ্টায় আট বিভাগের বেশকিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (৪ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়; রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, উত্তর ছত্রিশগড় এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে উত্তর ছত্রিশগড় এবং তৎসংলগ্ন উত্তরপূর্ব মধ্যপ্রদেশ- দক্ষিণপূর্ব উত্তর প্রদেশ এলাকায় সুস্পষ্ট লঘুচাপ হিসেবে অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে যেতে পারে। সেই সঙ্গে মৌসুমী বায়ুর অক্ষ ভারতের পাঞ্জাব, হারিয়ানা, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।

এই অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পাশাপাশি আগামী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

গত ২৪ ঘণ্টায় ফেনীতে সর্বোচ্চ ৯৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবানে, ২৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল নীলফামারীর ডিমলায়, ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় গতকাল সর্বোচ্চ ৩১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading