প্রাইভেট কারের ওপর কনটেইনার, অলৌকিকভাবে বাঁচলেন ৪ যাত্রী
উত্তরদক্ষিণ । শনিবার, ০৫ আগস্ট ২০২৩ । আপডেট ১৩:৩০
চট্টগ্রামের ফৌজদারহাট এলাকায় একটি প্রাইভেটকারের ওপর উল্টে পড়েছে একটি কন্টেইনার লরি। এই ঘটনায় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গেলও আলৌকিকভাবে বেঁচে গেছেন প্রাইভেটকারের চার যাত্রী।
শনিবার (৫ আগস্ট) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
বারোআউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি দ্রুতগামী কন্টেনার লরি নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত একটি প্রাইভেটকারের ওপর উল্টে পড়ে। প্রাইভেটকারটিতে চালকসহ চার যাত্রী ছিলেন। লরির চাপায় প্রাইভেটকারটি চ্যাপ্টা হয়ে গেলেও অলৌকিকভাবে বেঁচে গেছেন প্রাইভেটকারের চার যাত্রী। শুধু প্রাইভেটকারের চালক সামান্য আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সীতাকুণ্ডের কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সুলতান মাহমুদ চৌধুরী জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি লরিটি উল্টে প্রাইভেটকারে ওপর পড়ে আছে। পরে লরিটি অপসারণ করে প্রাইভেটকারের চার যাত্রীকে উদ্ধার করা হয়।
ইউডি/কেএস

