এটা শুধু একটা নির্বাচন নয়, নির্ভর করছে আগামী প্রজন্মের ভবিষ্যৎ : মাশরাফি
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০২ জানুয়ারি, ২০২৪, আপডেট ২০:৫৭
নড়াইল-২ আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মাশরাফি বিন মুর্তজা বলেছেন, এটা শুধু একটা নির্বাচন নয়, আগামী প্রজন্মের ভবিষ্যৎ নির্ভর করছে ৭ জানুয়ারির এই নির্বাচন। আপনারা কেউ ঘরে বসে থাকবেন না। মঙ্গলবার (০২ জানুয়ারি)দশম দিনের মতো নির্বাচনি প্রচারণায় সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রঘুনাথপুর প্রাইমারি স্কুল মাঠ, ঘোষবাড়ি, দত্তপাড়া বাসস্ট্যান্ডসহ বিভিন্ন মোড়ে গণসংযোগ ও পথসভায় মাশরাফি এ সব কথা বলেন।
তিনি বলেন, আপনারা একটু সময় নষ্ট করে পরিবারের সবাই ভোট কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দিয়ে আসবেন। আপনার ভোট না পেলেও আমি জিতে যাব এই মানসিকতা পোষণ করবেন না। মাশরাফি চন্ডিবরপুর ইউনিয়নের ফেদী বাজার, চালিতাতলা বাজার ও রতডাঙ্গা বাজারে পথসভা বলেন, নড়াইলে অনেকগুলো উন্নয়নকাজ চলমান।
মাশরাফি আরও বলেন, সামনে আরও হবে। বিগত ৫ বছর আমি আপনাদের সঙ্গে থেকে সাধ্যমত উন্নয়ন করার চেষ্টা করেছি। অনেক মেগা প্রকল্প এখনো চলমান রয়েছে এগুলো যেন থমকে না যায়। এ সময় মাশরাফির সঙ্গে ছিলেন আউডিয়া ইউনিয়নের চেয়ারম্যান এস এম পলাশ, চন্ডিবরপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা।
ইউডি/এজেএস

