ভোটারদের মধ্যে উৎসব দেখে বিএনপি হতাশ: হানিফ

ভোটারদের মধ্যে উৎসব দেখে বিএনপি হতাশ: হানিফ

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০২ জানুয়ারি, ২০২৪, আপডেট ২১:১০

সারাদেশে ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে উৎসব শুরু হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। এতে বিএনপি হতাশ হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (২ জানুয়ারি) কুষ্টিয়া শহরে নিজ বাসভবনে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে নির্বাচনী আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপির সমালোচনা করে হানিফ বলেন, বিএনপির পরস্পরবিরোধী বক্তব্যগুলো মিথ্যা প্রমাণিত হচ্ছে। একদিকে জনগণকে বলছে নির্বাচনে যাবে না, অন্যদিকে রাষ্ট্রক্ষমতায় আসার জন্য লিফলেট বিতরণ করছে সাধারণ মানুষের কাছে। ইতোমধ্যে সারাদেশে নির্বাচনের আমেজ শুরু হয়েছে। ভোটারদের আমেজ উৎসব দেখে বিএনপি এখন হতাশ হয়ে পড়েছে।

হানিফ বলেন, বিএনপি যারা করেন তারা গণতন্ত্র বিষয়টি জানেন না। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান অগণতান্ত্রিক পন্থায় অবৈধভাবে বিএনপি নামক দলটি প্রতিষ্ঠা করেন। ক্ষমতায় গিয়ে দলটি আওয়ামী লীগের ২৬ হাজার নেতাকর্মীকে হত্যা, হাওয়া ভবনে বসে শেখ হাসিনাকে হত্যার চেষ্টাসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত তারেক জিয়া। তাই তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না।

ড. ইউনূসের কারাদণ্ড প্রসঙ্গে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের আইন চলবে তার নিজের গতিতে। দেশের আইন আদালত বিদেশিদের দ্বারা প্রভাবিত হবে না। আইন সবার জন্য সমান। সুদের ব্যবসাসহ বিভিন্ন অপকর্ম চিহ্নিত এবং অপরাধ প্রমাণিত হওয়ায় ড. ইউনূসকে সাজা দিয়েছেন আদালত। এই সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগার আলীসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইউডি/সিফাত

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading