স্বতন্ত্রদের অবস্থান কী হবে, তারা নিশ্চয়ই জানাবেন: আইনমন্ত্রী
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৯ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৪:৫৫
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিরোধী দল হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য একটি নির্দিষ্ট সংখ্যক আসন প্রয়োজন আর এক্ষেত্রে স্বতন্ত্রদের যথেষ্ট আসন রয়েছে। ৬২টি আসনে তারা বিজয়ী হয়েছেন। মঙ্গলবার (০৯ জানুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, আমার মনে হয়, বিষয়টি পরিষ্কার হওয়ার জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হবে। শপথ নেওয়ার পরে স্বতন্ত্রদের অবস্থান কী হবে, তারা নিশ্চয়ই জানাবেন। তাদের অবস্থান ঘোষিত হওয়ার পরেই বিরোধী দল কারা হবে, সেটি আপনারা বুঝতে পারবেন। স্বতন্ত্র সংসদ সদস্যদের একটি মোর্চা হতে পারে কি না, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, কেন হতে পারবে না? স্বতন্ত্ররা যদি মনে করেন, তারা সরকারের সঙ্গে না থেকে নিজেরা একটা মোর্চা করবেন, অবশ্যই তারা সেটি করতে পারবেন। তখন বিরোধী দল হিসেবে কাকে স্বীকৃতি দেওয়া হবে, সেটি জানা যাবে।
স্বতন্ত্ররাও তো আওয়ামী লীগের। তাহলে বিরোধী দলও কি একই দলের হয়ে গেল না, এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যারা স্বতন্ত্র হিসেবে নির্বাচিত হয়েছেন, তারা আওয়ামী লীগ হিসেবে নির্বাচিত হননি, তাদের প্রতীকও ছিল ভিন্ন। নৌকা মার্কায় কেবল আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। কাজেই স্বতন্ত্ররা আওয়ামী লীগের, এটা মুখের কথা হতে পারে, কিন্তু আইনের কথা বা বাস্তবতার কথা সেটি না।
আইনমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ দল, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংসদ নেতা ও পার্লামেন্টারি পার্টির নেতা হিসেবে নির্বাচিত করার পর রাষ্ট্রপতি তাকে নতুন সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন। তারপর নতুন সরকার গঠন হয়ে যাবে। নতুন সরকার যতক্ষণ পর্যন্ত গঠিত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বর্তমান সরকার দায়িত্ব পালন করবে।
ইউডি/এজেএস

