স্প্যানিশ সুপার কাপে আধিপত্য ধরে রাখতে চায় বার্সা

স্প্যানিশ সুপার কাপে আধিপত্য ধরে রাখতে চায় বার্সা

উত্তরদক্ষিণ । রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪, আপডেট ১০:০০

আজ রাতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে সৌদির রিয়াদে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। রিয়াদের কিং সাউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। গেল বছরও ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুটি ক্লাব। সেবার রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বার্সা। এবার মাঠে নামার আগে জাভি বলছেন, এল ক্লাসিকোতে কেউ ফেভারিট নয়। বর্তমান ফর্ম বিবেচনায় অনেকেই এই ম্যাচে এগিয়ে রাখছেন রিয়ালকে।

চলতি মৌসুমে কার্লো আনচেলত্তির দল হেরেছে মাত্র একটি ম্যাচ। লা লিগায় গেল অক্টোবরে বার্সেলোনার ঘরের মাঠ থেকে জয় নিয়ে ফিরেছিল লস ব্লাঙ্কোসরা। তবে ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে জাভি বলেন, ‘আমরা ম্যাচ আধিপত্য বিস্তার করে খেলতে চাই। নিজেদের ধরণ অনুয়ায়ী, পজিশন ধরে রেখে খেলার চেষ্টা করবো। আমরা রিয়ালের চেয়ে কম ফর্মে থেকে এখানে এসেছি, কিন্তু বল মাঠে গড়ালে কেউই ফেভারিট নয়।’

রিয়াল শিরোপার জন্য ক্ষুধার্ত হলেও বার্সেলোনাও শক্তিশালী। সেটি মনে করিয়ে জাভি বলেন, ‘মাদ্রিদ সবসময় ক্ষুধার্ত, তবে এটি শক্তিশালী বার্সা। আমরা আদর্শ একটি মঞ্চে আছি, যা আমাকে অনেক অনুপ্রেরণা দেয় এবং আমরা সবকিছু উজাড় করে দেব।’

গত বছর স্প্যানিশ সুপার কাপ হয়েছে সৌদি আরবে। ১০ই জানুয়ারি প্রথম সেমিফাইনালে জিতে শিরোপানির্ধারণী মঞ্চে ওঠে রিয়াল মাদ্রিদ। পরদিনই তাদের সঙ্গী হয় বার্সেলোনা। ২০২৩ সালের পুনরাবৃত্তি ঘটিয়ে ২০২৪ সালেও এগোচ্ছে একই পথে। আবারও স্প্যানিশ সুপার কাপ সৌদি আরবে। একই তারিখে রিয়াল মাদ্রিদের পর ফাইনালে উঠলো বার্সেলোনাও।

গতবারের সঙ্গে এবারের স্প্যানিশ সুপার কাপের পার্থক্য ভেন্যুতে। সেবার দুই সেমিফাইনাল ও ফাইনাল হয়েছিল কিং ফাহাদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে। এবার সংস্কার কাজের জন্য টুর্নামেন্ট সরিয়ে আনা হয় রিয়াদেরই কিং সৌদি ইউনিভার্সিটি স্টেডিয়ামে। স্প্যানিশ সুপার কাপের সফলতম দল বার্সেলোনা। ২৫ বার প্রতিযোগিতাটির ফাইনাল খেলে ১৪ বার শিরোপা জিতেছে ব্লাউগ্রানারা। রিয়াল মাদ্রিদের শিরোপা সংখ্যা ১২।

ইউডি/কেএস

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading