তিস্তা প্রকল্পে গতি আনতে বাংলাদেশ-চীনের ঐকমত্য

তিস্তা প্রকল্পে গতি আনতে বাংলাদেশ-চীনের ঐকমত্য

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, আপডেট ১৪:১০

তিস্তাসহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনায় সহযোগিতা জোরদারে একমত হয়েছে বাংলাদেশ ও চীন। এ বিষয়ে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের পানিসম্পদমন্ত্রী লি গোওইংয়ের মধ্যে বৈঠকে আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) চীনের রাজধানী বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াওইউতাইয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যার ঝুঁকি মোকাবিলা, পরিবেশ সুরক্ষা এবং পানি সম্পদের টেকসই ব্যবস্থাপনার জন্য দেশে চলমান নদী খনন কর্মসূচির কথা তুলে ধরেন। তিনি বাংলাদেশের পানিসম্পদ ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা কামনা করেন।

এ সময় প্রধানমন্ত্রী তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে চীনের কারিগরি সহায়তার প্রত্যাশা ব্যক্ত করেন। জবাবে চীনের পানিসম্পদমন্ত্রী লি গোওইং পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

লি গোওইং বলেন, ‘২০০৫ সালে বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) এবং গত বছর চীনা পানি বিশেষজ্ঞদের বাংলাদেশ সফর দুই দেশের সহযোগিতাকে আরও শক্তিশালী করেছে। পানি সম্পদ ব্যবস্থাপনায় দুই দেশের বিদ্যমান সহযোগিতা বাস্তবভিত্তিক ও গবেষণানির্ভর।’

বৈঠকে প্রধানমন্ত্রী নদীভাঙন প্রতিরোধ, সেচব্যবস্থার উন্নয়ন এবং নৌ-নেভিগেশন সক্ষমতা বৃদ্ধিতে চীনের সহযোগিতা প্রত্যাশা করেন।

জবাবে চীনের পানিসম্পদমন্ত্রী বলেন, পানি ব্যবস্থাপনায় বাংলাদেশ চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারে। এ খাতে দক্ষতা বৃদ্ধির জন্য বাংলাদেশের পানি বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের চীনে প্রশিক্ষণ গ্রহণেরও আহ্বান জানান তিনি।

বৈঠকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading