বিসিএস সহকারী প্রকৌশলী নন-ক্যাডার পদে নিয়োগে রুল
উত্তরদক্ষিণ । রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪, আপডেট ২২:৪০
৪১তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ (৯ম গ্রেড) সহকারী প্রকৌশলী (পুর) নন-ক্যাডার পদে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদফতরের অধীনে ১৭০টি পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করা হয়েছে।
রোববার (১৪ জানুয়ারি) এ সংক্রান্ত এক রিটের শুনানি করে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির।
৪১তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ (৯ম গ্রেড) সহকারী প্রকৌশলী (পুর) পদে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদফতরের অধীনে ১৭০টি নন-ক্যাডার পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে গত ১৭ ডিসেম্বর মো. নয়ন হাসানসহ সাতজন আবেদনকারী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ওই রিট দায়ের করেন। আবেদনকারীরা সবাই বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সিভিল বিভাগ থেকে পাস করেছেন। তারা ৪১তম বিসিএস পরীক্ষায় এমসিকিউ, লিখিত ও ভাইভায় উত্তীর্ণ হন।
জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে ১৫৬টি পদ, শিক্ষা প্রকৌশল অধিদফতরের অধীনে সাতটি পদ ও স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের অধীনে সাতটি পদে নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে অধিযাচন পাঠানো হয়। কিন্তু সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪১তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ (৯ম গ্রেড) সহকারী প্রকৌশলী (পুর) ১৭০টি নন-ক্যাডার পদে আবেদন আহ্বান না করেই নন-ক্যাডার পদের চূড়ান্ত ফল প্রকাশ করে গত ৭ ডিসেম্বর। অথচ নন-ক্যাডার পদে আবেদন আহ্বান করার আগেই জনপ্রশাসন মন্ত্রণালয়ে অধিযাচন পাঠানো হয়েছিল বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদফতর থেকে।
নিয়ম অনুযায়ী শূন্য পদ ও অধিযাচন থাকাসাপেক্ষে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার কথা। কিন্তু ৪১তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ (৯ম গ্রেড) সহকারী প্রকৌশলী (পুর) নন-ক্যাডার পদের ক্ষেত্রে করা হয়নি।
আগামী চার সপ্তাহের মধ্যে জন প্রশাসন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটে জন প্রশাসন মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, পিএসসির চেয়ারম্যান ও সচিব, শিক্ষা প্রকৌশল অধিদফতর ও স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরকে বিবাদী করা হয়েছে।
ইউডি/কেএস

