সব ধরনের ক্রিকেট থেকে নাসিরকে নিষিদ্ধ করল আইসিসি
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৭:১৫
বাংলাদেশের জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন যেন বিতর্কের অপর নাম। বিভিন্ন সময়ে নানা কর্মকাণ্ডে জড়িত হয়ে আলোচনার জন্ম দিয়েছেন এই ক্রিকেটার। ২০২১ সালের সংযুক্ত আরব আমিরাতের টি-টেন লিগ ঘিরে দুর্নীতির চেষ্টা করার জন্য ২০২৩ সালে নাসির বিরুদ্ধে অভিযোগ আনে আইসিসি। সে সময় আমিরাত ক্রিকেট বোর্ডের দুর্নীতিবিরোধী কোডের তিনটি ধারা ভঙ্গের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। সেই অভিযোগে অভিযুক্ত হওয়া বাংলাদেশ ক্রিকেটের অলরাউন্ডার নাসিরকে সব ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। এর মধ্যে রয়েছে ছয় মাস স্থগিত নিষেধাজ্ঞা।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। যেখানে জানায় তার বিরুদ্ধে দুর্নীতিবিরোধী অভিযোগ আনা তিনটি ধারা ভঙ্গের অভিযোগ তিনি মেনে নিয়েছেন, ফলে অভিযুক্ত হওয়া তাকে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। ২০২৫ সালের ৭ এপ্রিলে তার দেড় বছরের নিষেধাজ্ঞা শেষ হবে। পরবর্তী ৬ মাসও তিনি শাস্তির আওতায় থাকবেন। তবে সে সময়ে তিনি আইসিসির দেয়া শর্ত পূরণ করে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবেন।
২০২৩ সালে ১৯ সেপ্টেম্বর নাসিরের দুর্নীতি নিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, ২০২১ সালে আবুধাবি টি-টেন লিগে পুনে ডেভিলসের হয়ে খেলেছিলেন নাসির। দলটিকে নেতৃত্বও দেন এই অলরাউন্ডার। সে সময় সন্দেহভাজন এক ব্যক্তির কাছ থেকে ৭৫০ ডলারের উপহার নেন নাসির। এর পরিপ্রেক্ষিতে অভিযোগ গঠন করা হয়।
তাতে দেখা যায়, আইসিসির তিনটি ধারা ভঙ্গ করেছেন নাসির। ধারা ২.৪.৩ এ তদন্ত কমিটিকে উপহারের রশিদ দেখাতে ব্যর্থ হন নাসির। ধারা ২.৪.৪ এ নাসিরের বিরুদ্ধে অভিযোগ আনা হয় এই বলে যে, তাকে কোনো প্রকার ম্যাচ পাতানো বা দুর্নীতি করতে বলা হয়েছিল কি না, তদন্ত কর্মকর্তাদের সে বিষয়ে সঠিক তথ্য দেননি তিনি। সর্বশেষ যে ধারায় নাসিরকে অভিযুক্ত করা হয়, সেই ধারা ২.৪.৬ এ বলা হয়েছে, কোনো কারণ ছাড়াই তদন্তে সহায়তা করতে অস্বীকৃতি জানান বাংলাদেশি এই ক্রিকেটার। এটিও এক ধরণের অপরাধ।
৩২ বছর বয়সী নাসির হোসেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে ১৯টি টেস্ট, ৬৫টি ওয়ানডে ও ৩১টি টি২০ ম্যাচ খেলেছেন। ওয়ানডে ও টেস্টে তার রয়েছেন একটি করে সেঞ্চুরি। পাশাপাশি টেস্টে ৮টি, ওয়ানডেতে ২৪টি ও টি২০তে ৭টি উইকেট নেন তিনি। ২০১৮ সালের পর বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেননি নাসির।
ইউডি/এআর

