সংসদে কার্যত বিরোধী দল থাকছে না: শাহরিয়ার কবির

সংসদে কার্যত বিরোধী দল থাকছে না: শাহরিয়ার কবির

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৯:৩০

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, গত ৭ জানুয়ারির নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে এতে কোনো সন্দেহ নেই। জামায়াত আর তারেক রহমানের পাল্লায় পড়ে বিএনপি নির্বাচনে না এসে আত্মহননের পথ গ্রহণ করেছে। তবে এ কথা ভুলে গেলে চলবে না- দ্বাদশ পার্লামেন্টে কার্যত কোনো বিরোধী দল থাকছে না।

এটা শুধু সরকারের জন্য নয়, গণতন্ত্রের জন্যেও চ্যালেঞ্জ। পার্লামেন্টে যেহেতু বিরোধী দল থাকছে না- পার্লামেন্টের বাইরে গণমাধ্যম ও নাগরিক সমাজকে কঠোরভাবে বিরোধীদলের দায়িত্ব পালন করতে হবে।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির পর্তুগাল শাখা গঠন উপলক্ষে গত সোমবার রাতে ভার্চুয়াল সভায় তিনি এসব কথা বলেন।

সংগঠনের পোল্যান্ড শাখা এই সভার আয়োজন করে। সভায় শাহরিয়ার কবির আরও বলেন, বাংলাদেশের সার্বভৌম মর্যাদা এবং মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে আমাদের আপসহীন হতে হবে।

১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য আপনারা যারা প্রবাসী রয়েছেন তাদের প্রত্যক্ষ ভূমিকা থাকা প্রয়োজন। তিনি এ সময় গণহত্যাকারী সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীর বিচারের দাবি আদায়ে তরুণ প্রজন্মকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

সভায় আরও বক্তব্য রাখেন নির্মূল কমিটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজী মুকুল, সুইডেন প্রবাসী লেখক সাব্বির খান, সুইজারল্যান্ড প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট লেখক অমি রহমান পিয়াল। সংগঠনের পর্তুগাল শাখার সমন্বয়কারী রনি হোসেনের সভাপতিত্ব ও সঞ্চালনায় পর্তুগাল প্রবাসী মাহামুদুল হাসান, বাদল আহমেদসহ অন্যান্য নেতারা সভায় যুক্ত ছিলেন।

সভায় সর্বসম্মতিক্রমে ইকবাল হোসাইনকে সভাপতি এবং খাইরুল কবির সরকার শিমুলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি পর্তুগাল শাখা কমিটি গঠন করা হয়।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading