লড়াই সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব : নজরুল ইসলাম
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৬:১৫
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, যত দ্রুত সম্ভব লড়াই সংগ্রামের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব, ইনশাআল্লাহ।
শুক্রবার (১৯ জানুয়ারি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে ফুলেল শ্রদ্ধা ও মোনাজাত শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দেশের এই ক্লান্তিলগ্নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী পালন করছি আজ। আমাদের উপলদ্ধি করতে হবে- এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল গণতন্ত্রের জন্য। এদেশের গণতন্ত্র আজ মৃত। এটা শুধু আমাদের কথা নয়, বাংলাদেশের মানুষের কথা নয়, এ কথা বিশ্বের মানবাধিকার, গণতন্ত্রকামী সকল দেশ ও প্রতিষ্ঠান বলেছে; বাংলাদেশ আজ এক দলীয় শাসনে পরিণত হয়েছে। এখানে মানুষের কথা বলার স্বাধীনতা নেই, মানুষের কোনো মৌলিক অধিকার নেই, ভোটের অধিকার নেই।
তিনি আরও বলেন, হাড়ভাঙা পরিশ্রম করে এ দেশের মানুষ উপার্জন করে ট্যাক্স দেয়, তবু তাদের মাথার ওপরে ৩০ হাজার কোটি টাকার ঋণ থেকে যায়। আজকের সরকার তেভাগা আন্দোলনের নামে লুটপাট করে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, দলের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, ওলামা দলের আহ্বায়ক মাওলানা শাহ নেসারুল হক, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতারা।
ইউডি/এজেএস

