যুদ্ধবিরোধী স্লোগানে শুরু হচ্ছে ৩৬তম কবিতা উৎসব

যুদ্ধবিরোধী স্লোগানে শুরু হচ্ছে ৩৬তম কবিতা উৎসব

উত্তরদক্ষিণ । শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৮:৪০

এবার অনুষ্ঠিত হচ্ছে কবিতা উৎসবের ৩৬তম আসর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারসংলগ্ন চত্বরে আগামী ১ ও ২ ফেব্রুয়ারি এই উৎসব অনুষ্ঠিত হবে। জাতীয় কবিতা পরিষদ আয়োজিত এবারের উৎসবের স্লোগান হবে যুদ্ধ গণহত্যা সহে না কবিতা।

শনিবার (২০ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) দ্বিতীয় তলায় উৎসবের অস্থায়ী দফতরে আয়োজিত সংবাদ সম্মেলন জাতীয় কবিতা পরিষদ এসব তথ্য জানিয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক তারিক সুজাত বলেন, আজ যখন পৃথিবীর দেশে দেশে অশুভ শক্তির দাপটে নিরপরাধ মানুষ বিপন্ন; নারী, শিশু, বৃদ্ধসহ সাধারণ মানুষের লাশের স্তূপের ওপর ক্ষমতার অহমিকা দেখাচ্ছে সাম্রাজ্যবাদী শক্তি; তখন আমরা বাংলাদেশের কবিরা এবং আরও বেশ কয়েকটি দেশের কবি ও কবিতাপ্রেমীরা একত্র হয়ে এই উৎসবে যুদ্ধ, গণহত্যাসহ সব অন্যায়ের প্রতিবাদ করব।

তারিক সুজাত বলেন, এ বছর আমাদের কবিতা উৎসবের মর্মবাণী: যুদ্ধ গণহত্যা সহে না কবিতা। দুই দিনব্যাপী উৎসবে কবিতাপাঠ, নিবেদিত কবিতা, সেমিনার আবৃত্তি ও সংগীতের মধ্য দিয়ে আমরা এই স্লোগানকে মূর্ত করে তুলব। এবারও বিভিন্ন দেশ ও ভাষাভাষীর কবিদের উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছে। এরই মধ্যে ভারতের বিভিন্ন ভাষার বেশ কয়েকজন বরেণ্য কবি তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছেন।

এই উৎসবে জাতীয় কবিতা পরিষদ পুরস্কারপ্রাপ্ত কবির নাম ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন জাতীয় কবিতা পরিষদের নেতা কাজল বন্দ্যোপাধ্যায়, আসাদ মান্নান, আসলাম সানী প্রমুখ।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading