২৭ বছর আইনি লড়াইয়ের পর মিলল সরকারি চাকরি

২৭ বছর আইনি লড়াইয়ের পর মিলল সরকারি চাকরি

উত্তরদক্ষিণ । রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৬:২০

লড়াইটা শুরু হয়েছিল ১৯৯৭ সাল থেকে। সমাধান মিলল ২০২৪ সালে। দীর্ঘ ২৭ বছর আইনি লড়াইয়ে কলকাতা হাইকোর্টে জয় পেলেন উত্তম নায়েক। তাকে ৮ সপ্তাহের মধ্যে কলকাতা পৌরসভায় নিয়োগের নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। এক প্রতিবেদনে এই খবর দিয়েছে সংবাদ প্রতিদিন।

মামলাকারীর আইনজীবী আশিসকুমার চৌধুরী জানান, তিলজলা চৌভাগা এলাকার বাসিন্দা হরেন্দ্রনাথ নায়েক কলকাতা পৌরসভার ট্যাক্স কালেক্টর ছিলেন। ১৯৯৬ সালে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। ১৯৯৭ সালের ১৫ জুলাই কলকাতা পৌরসভার মেডিক্যাল বোর্ড তাকে সম্পূর্ণ শারীরিক অক্ষম বলেই ঘোষণা করেন।

তৎকালীন কলকাতা পৌরসভার আইন অনুযায়ী চাকরিরত কোনও ব্যক্তি যদি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং তার চাকরিতে ফিরে আসার যদি কোনও জায়গা না থাকে সেক্ষেত্রে তার পরিবারের একজন চাকরি পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবে স্পেশ্যাল গ্রাউন্ডে। সেক্ষেত্রে হরেন্দ্রনাথ নায়েকের বড় ছেলে উত্তম নায়েক চাকরি পাওয়ার জন্য আবেদন জানান।

কলকাতা পৌরসভা তাকে চাকরিতে নিযুক্ত করার আগেই ১৯৯৭ সালের ২০ জানুয়ারি হরেন্দ্রনাথ নায়েক মারা যান। ওই বছরই উত্তমবাবুর চাকরির জন্য সুপারিশ করা হয়।

কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে ওই পরিবারকে কোনও পেনশন বা সুযোগ-সুবিধা না দিয়েই শুধুমাত্র পরিবারের হাতে ৪৪ হাজার ৯৭ রুপি এককালীন তুলে দেয় কলকাতা পৌরসভা। এ নিয়ে মামলা হয় হাই কোর্টে।

এর আগে ২০১৪ সালে হাইকোর্টের তৎকালীন সাবেক বিচারপতি সৌমিত্র পালও পৌরসভাকে বিষয়টি বিবেচনা করা ও সিদ্ধান্ত নেওয়ারও নির্দেশ দিয়েছিলেন। কিন্তু এ পর্যন্ত সেটি কার্যকর হয়নি। দীর্ঘ ২৭ বছর কখনও কলকাতা পৌরসভা, কখনও হাই কোর্টের বারান্দাতেই কেটেছে উত্তম নায়েকের।

এবার হাইকোর্টের স্পষ্ট নির্দেশ আগামী ৮ সপ্তাহের মধ্যে উত্তম নায়েককে নিয়োগ করতে হবে। না হলে আইনানুগ ব্যবস্থা নেবে আদালত।

ইডিডি/এআর

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading