সপ্তম দিনের মতো চলছে ফেরি উদ্ধারের কাজ
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৬:৪৫
পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের অদূরে সপ্তম দিনের মতো চলছে ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধার উদ্ধারকাজ। এছাড়াও হাইড্রোগ্রাফি সার্ভে করে পদ্মার পানিতে তলিয়ে থাকা ট্রাক শনাক্তে কাজ করছে ঝিনাই-১।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ১০টায় ফেরি উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ও ঝিনাই-১ উদ্ধারকাজ শুরু করে।
ইতোমধ্যেই একটি ট্রাক শনাক্ত করতে পেরেছে ঝিনাই-১। এছাড়া ফেরি রজনীগন্ধায় তিনটি এয়ার লিফটিং ব্যাগ লাগানো হয়েছে। বাকি আরও সাতটি লিফটিং ব্যাগও লাগানো হবে। এরপর সেগুলোতে বাতাস প্রবেশ করিয়ে ফেরিটিকে ভাসানোর চেষ্টা করা হবে। ফেরিটি ভেসে উঠলে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের মাধ্যমে ফেরিটিকে টেনে তোলা হবে বলে জানিয়েছেন ডুবুরিরা।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম মো. খালেদ নেওয়াজ বলেন, ৯টি ট্রাক নিয়ে ফেরি ডুবির ঘটনায় ইতোমধ্যে ছয়টি ট্রাক উদ্ধার করা হয়েছে। আজ সকালে উদ্ধারকারী জাহাজ ঝিনাই-১ এর মাধ্যমে আরও একটি ট্রাক পানির নিচে শনাক্ত করা গেছে। ডুবুরির দল ট্রাকটির মাঝে হুক লাগানোর চেষ্টা করছেন বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ৫ নম্বর ঘাটের অদূরে ৯টি ট্রাক নিয়ে রজনীগন্ধা নামের ফেরিটি ডুবে যায়। এ ঘটনায় ফেরিতে থাকা সকলেই জীবিত উদ্ধার হলেও, ফেরির দ্বিতীয় চালক হুমায়ূন কবির নিখোঁজ ছিলেন। গতকাল সোমবার (২২ জানুয়ারি) ছয় দিন পর ঘটনাস্থল থেকে আট কিলোমিটার দূরে পদ্মা নদী থেকে তার লাশ উদ্ধার করে নৌ-পুলিশ।
ইউডি/কেএস

