স্টোকসের জন্য অপেক্ষা করবে ইংল্যান্ড
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪, আপডেট ১২:২০
হায়দরাবাদে আগামী বৃহস্পতিবার শুরু হবে ইন্ডিয়া-ইংল্যান্ডের পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এই ম্যাচে বেন স্টোকসকে পাওয়া নিয়ে এখনও নিশ্চিত নয় ইংল্যান্ড। তবে স্টোকসকে পেতে আশাবাদী দলটির প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম। তিনি বলেছেন, অধিনায়ককে খেলানোর জন্য তারা অপেক্ষা করবেন শেষ সময় পর্যন্ত।
গত নভেম্বরের শেষ সপ্তাহে স্টোকসের বাঁ হাঁটুতে অস্ত্রোপচার করানো হয়। এই চোটের জন্য ২০২২ সাল থেকে বোলিং করতে সমস্যায় ভুগছেন ইংলিশ অলরাউন্ডার। গত ১ জুলাই থেকে তো পেশাদার ক্রিকেটে বোলিংই করতে পারেননি তিনি। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের জন্য অবসর ভেঙে এই সংস্করণে ফেরেন স্টোকস। ইন্ডিয়ায় অনুষ্ঠিত আসরে বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে খেলেন তিনি। দেশটির মাটিতে এবার টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে ইংল্যান্ড। সিরিজটি জন্য আবু ধাবিতে আয়োজিত অনুশীলন ক্যাম্পেও কোনো বোলিং করেননি স্টোকস।
হাঁটুর অস্ত্রোপচারের আগে স্টোকস বলেছিলেন, হায়দরাবাদ টেস্টের জন্য ফিট থাকবেন তিনি। কিন্তু এখনও তার খেলা নিয়ে নিশ্চয়তা দিতে পারেননি ম্যাককালাম। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্টোকসকে নিয়ে নিজের ভাবনা জানান ইংল্যান্ড কোচ। বলেন, সে নিজেকে নিয়ে কাজ করছে এবং সবাই জানে তার ওয়ার্ক এথিক অসাধারণ। আমি তাকে রানিং করতে দেখেছি। আমার মনে হয় সে খেলতে প্রস্তুত। প্রথম টেস্টে খেলার অনুমতি পেলেও স্টোকসের বোলিং না করার সম্ভাবনাই বেশি। আর তিনি ম্যাচটি খেলতে না পারলে ইংল্যান্ডকে নেতৃত্ব দিতে পারেন সহ-অধিনায়ক অলি পোপ। ইন্ডিয়া সফরে এমনিতেই হ্যারি ব্রুককে পাচ্ছে না ইংল্যান্ড। ব্যক্তিগত কারণে সিরিজটি থেকে সরে দাঁড়ানো মিডল অর্ডার ব্যাটসম্যানের জায়গায় দলে এসেছেন ড্যান লরেন্স। এবার স্টোকসকেও না পেলে ব্যাটিং বিভাগে আরও শক্তি কমবে ইংলিশদের।
ইউডি/এজেএস

