বিএসএফের গুলিতে বিজিবি সদস্য নিহত
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৩:১৫
যশোরের বেনাপোল সীমান্তের বিপরীতে ইন্ডিয়ার অভ্যন্তরে বিএসএফের গুলিতে সাদা পোশাকের একজন বিজিবি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজিবি।
সোমবার দিবাগত রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জামিল জানান, ২২ জানুয়ারি ভোর আনুমানিক সাড়ে পাঁচটার দিকে বিজিবি যশোর ব্যাটালিয়নের ধান্যখোলা বিওপির জেলেপাড়া পোস্ট সংলগ্ন এলাকায় ইন্ডিয়া থেকে আসা একদল গরু চোরাকারবারীদের সীমান্ত অতিক্রম করে আসতে দেখলে দায়িত্বরত বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে ইন্ডিয়ার দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় বিজিবি টহল দলের সদস্য সিপাহী মোহাম্মদ রইশুদ্দীন চোরাকারবারীদের পিছনে ধাওয়া করতে করতে ঘন কুয়াশার কারণে দলবিচ্ছিন্ন হয়ে পড়েন। প্রাথমিকভাবে তাকে খুঁজে পাওয়া না গেলেও পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে জানা যায় সে বিএসএফের গুলিতে আহত হয়ে ইন্ডিয়া অভ্যন্তরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার পরপরই এ বিষয়ে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করা হয় এবং জানা যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উক্ত সৈনিক মৃত্যুবরণ করেছেন। এ বিষয়ে বিএসএফকে বিষয়টির ব্যাপারে সুষ্ঠু তদন্তের দাবি জানানোর পাশাপাশি কূটনৈতিকভাবে তীব্র প্রতিবাদ লিপি প্রেরণ করা হয়েছে। এছাড়াও মৃতদেহ বাংলাদেশে দ্রুত ফেরত আনার বিষয়ে সব পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।
ইডিডি/এআর

