তৃণমূল পর্যায়ে উন্নত চিকিৎসা নিশ্চিতে জোর দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

তৃণমূল পর্যায়ে উন্নত চিকিৎসা নিশ্চিতে জোর দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪, আপডেট ২০:৩০

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, তৃণমূল পর্যায়ে উন্নত চিকিৎসা নিশ্চিত করার বিষয়ে জোর দেওয়া হবে। তিনি বলেন, এই ক্ষেত্রে সেবাগ্রহীতা ও সেবাদাতা দুপক্ষের কথা শুনে পরিকল্পনা নেওয়া হবে।

শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রামের মাঠ পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। চট্টগ্রাম জেলার সিভিল সার্জন, হাসপাতাল তত্ত্ববধায়ক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন মন্ত্রী।

ডা. সামন্ত লাল সেন বলেন, তৃণমূল পর্যায়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা না গেলে উন্নত সেবা নিশ্চিত করা কঠিন। ধরেন, রাঙ্গামাটির একটা রোগীকে সেখানে চিকিৎসা দেওয়া না গেলে শহরে আনা নেওয়ার মধ্যেও তার অনেক ভোগান্তি হয়।

কিন্তু যদি সেখানে চিকিৎসা নিশ্চিত করা যায় তাহলে সেই ভোগান্তি কমার পাশাপাশি জেলা সদরে চাপও কমবে। আমরা তা নিশ্চিত করতে চাই। এই বিষয়ে সংশ্লিষ্টদের মতামত জানার চেষ্টা করছি। তারা অবকাঠামো আর যন্ত্রপাতির সংকটের কথা বলেছেন। সবার সঙ্গে কথা বলে এই বিষয়ে পদক্ষেপ নিব।

এই ক্ষেত্রে চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখবেন জানিয়ে মন্ত্রী বলেন, মাঠ পর্যায়ে সেবা নিয়ে অনেক অভিযোগ আছে। চিকিৎসকরা কর্মস্থলে থাকেন না, দায়িত্ব পালন করেন না এমন অভিযোগ অনেকে করেন।

কিন্তু এর কিছু কারণও আছে। বিভিন্ন সময় চিকিৎসকদের উপর হামলার ঘটনা ঘটে, আরও নানা অসুবিধা আছে। সেসবও ভাবতে হবে। আমরা চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করব। দুপক্ষের কথাই শুনতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী হওয়ার পর শুক্রবার প্রথমবারের মত চট্টগ্রাম সফরে আসেন স্বাস্থ্যমন্ত্রী। শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজে ৩০ শয্যার নতুন আইসিইউ ওয়ার্ড উদ্বোধন করবেন তিনি।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমি আমার কাজ চট্টগ্রাম থেকেই শুরু করতে চাই। কারণ এই চট্টগ্রাম মেডিকেল কলেজ আমাকে ডাক্তার বানিয়েছে।

এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব মো. জাহাঙ্গীর আলম, ডিজি অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম, পরিচালক (প্রশাসন) ডা. সামিউল ইসলাম, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. মহিউদ্দিন, সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী প্রমুখ।

ইডিডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading