ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ: মঙ্গলবারের সমাবেশ স্থগিত
উত্তরদক্ষিণ । সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৫:০০
‘বিএনপি-জামায়াতের সন্ত্রাসী ও সরকার বিরোধী কর্মকান্ডের প্রতিবাদে’ আগামীকাল মঙ্গলবার (৩০ জানুয়ারি) সমাবেশ ও শান্তি মিছিল করার কথা ছিল ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের। আয়োজনটি স্থগিত করা হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দফতর সম্পাদক প্রলয় সমদ্দার বাপ্পির সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগামী ৩০ জানুয়ারির ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে রাজধানীর তেঁজগাও ট্রাক স্ট্যান্ড সংলগ্ন নিজস্ব কার্যালয়ের সামনে (সাত রাস্তা মোড়) অনুষ্ঠিতব্য সমাবেশ ও শান্তি মিছিল অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী কার্যসূচি বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।
এর আগে, প্রলয় সমদ্দার বাপ্পির সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ ছাড়া আরও বক্তব্য রাখবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। সমাবেশ ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নগর, থানা, ওয়ার্ড, ইউনিয়ন ও ইউনিটগুলোর নেতাকর্মীরা জাতীয় পতাকাসহ মিছিলে যোগদান করবেন বলে উল্লেখ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
ইউডি/এজেএস

