দ্বাদশ জাতীয় সংসদ: প্রথম অধিবেশন কাল, ভাষণ দেবেন রাষ্ট্রপতি

দ্বাদশ জাতীয় সংসদ: প্রথম অধিবেশন কাল, ভাষণ দেবেন রাষ্ট্রপতি

উত্তরদক্ষিণ । সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৪:০০

আগামীকাল মঙ্গলবার (৩০ জানুয়ারি) থেকে শুরু হবে দ্বাদশ জাতীয় সংসদের যাত্রা। এদিন বিকেল ৩টায় বসবে সংসদের প্রথম অধিবেশন। প্রথম অধিবেশনে নির্বাচিত করা হবে স্পিকার ও ডেপুটি স্পিকার। এরপর ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরআগে, রাষ্ট্রপতি সংবিধানের ৭২(১) অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতাবলে ২০২৪ সালের প্রথম সংসদ অধিবেশন আহ্বান করেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে জানান, রাষ্ট্রপতির ভাষণ ইতোমধ্যে মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। প্রেস সচিব বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকা-সহ সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তার বক্তব্যে প্রাধান্য পাবে।

প্রথম অধিবেশনের জন্য সব প্রস্তুতি শেষ করেছে সংসদ সচিবালয়। এরইমধ্যে সংসদ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর উপনেতা মতিয়া চৌধুরী। বিরোধী দলীয় নেতা হয়েছেন জাতীয় পার্টির জি এম কাদের ও উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ।

দ্বাদশ সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য ২২৩ জন, স্বতন্ত্র সংসদ সদস্য ৬২ জন, জাতীয় পার্টির ১১ জন, জাতীয় সমাজতান্ত্রিক দলের একজন, ওয়ার্কার্স পার্টির একজন ও কল্যাণ পার্টির একজন সংসদ সদস্য আছেন। সংসদ সচিবালয়ের তথ্য বলছে, একাদশ সংসদের যাত্রা শুরু হয় ২০১৯ সালের ৩০ জানুয়ারি। ২০২৩ সালের ২ নভেম্বর অধিবেশন শেষ হয়। সর্বশেষ ২৫তম অধিবেশনের ৯ কার্যদিবসসহ এই সংসদের মোট কার্যদিবস ছিল ২৭২টি। এর আগে দশম সংসদ ৪১০ কার্যদিবস ও নবম সংসদ ৪১৮ কার্যদিবস চলে।

করোনার কারণে মাত্র দেড় ঘণ্টায় একটি অধিবেশন শেষ করা হয়েছে। যা ছিল দেশের ইতিহাসে সংক্ষিপ্ততম সংসদ অধিবেশন। এই সংসদের ২৫টি অধিবেশনের মধ্যে দুটি বিশেষ অধিবেশন ছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে ২০২০ সালের ৮ নভেম্বর বিশেষ অধিবেশন বসে। পরের বিশেষ অধিবেশনটি ছিল জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে গত বছরের এপ্রিল মাসে।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading