চাল-তেলসহ ৪ নিত্যপণ্যের আমদানি শুল্ক কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
উত্তরদক্ষিণ । সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৭:৩০
রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ভোজ্যতেল, চিনি, খেজুর ও চালের আমদানি শুল্ক কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (২৯ জানুয়ারি) মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
বৈঠকের পর ব্রিফিংয়ে সচিব বলেন, বৈঠকে আলোচ্য সূচির বাইরে দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। গত বৈঠকে প্রধানমন্ত্রী এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সমন্বয় করে পদক্ষেপ নিতে বলেছেন। সেই নির্দেশনা প্রতিপালন হওয়ায় তিনি সন্তোষ জ্ঞাপন করেছেন।
প্রধানমন্ত্রী তেল, চিনি, খেজুর ও চালের আমদানি শুল্ক কমানোর নির্দেশ দিয়েছেন জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, কী পরিমাণ শুল্ক কমানো হবে তা এনবিআর পরীক্ষা করে দেখবে। এসব পণ্যের শুল্ক কমাতে ইতোমধ্যেই এনবিআরকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
ইউডি/এজেএস

