বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে যোগ দিলেন সায়মা ওয়াজেদ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে যোগ দিলেন সায়মা ওয়াজেদ

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১৪:০০

আন্তর্জাতিক অটিজম বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে যোগদান করেছেন।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইন্ডিয়ার দিল্লি অফিসে তিনি যোগদান করেন। সায়মা ওয়াজেদ প্রথম ও একমাত্র বাংলাদেশি এবং বিশ্বে দ্বিতীয় নারী হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ সম্মানজনক পদে যোগ দিয়েছেন।

কোনো বাংলাদেশি নাগরিকের বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ রকম মর্যাদাপূর্ণ পদে যোগদান উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে সায়মা ওয়াজেদের যোগদান প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য নিয়ে বহু আগে থেকেই কাজ করা একজন অভিজ্ঞ মানুষ।

বিশ্বের বহু দেশের নেতা তাকে অটিজম বিশেষজ্ঞ হিসেবেই চেনেন।

আর একজন বাংলাদেশি হিসেবে এ রকম দায়িত্বশীল ও গুরুত্বপূর্ণ পদে যোগ দেওয়াটা আমাদের জন্য একটি বিরাট অর্জন ও সম্মানের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সব থেকে বড় দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে তার যোগদানে বাংলাদেশের স্বাস্থ্যখাত নিঃসন্দেহে আরও মজবুত ভিত্তিতে দাঁড়িয়ে যাবে বলে আমার বিশ্বাস।

আর সায়মা ওয়াজেদ কেবল প্রধানমন্ত্রীর কন্যাই নন, তিনি অটিজম নিয়ে কাজ করা বিশ্বব্যাপী আলাদাভাবেও একজন পরিচিত মুখ। তিনি জানেন কীভাবে কাজ করতে হয়, দায়িত্ব পালন করতে হয়। নিশ্চয়ই আগামীতে আমাদের জন্য ভালো কিছুই অপেক্ষা করছে।

গত ১ নভেম্বর সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আরডি নির্বাচনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক ১০টি দেশের মধ্যে ৮-২ ভোটের বিপুল ব্যবধানে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নির্বাচিত হন। তারই ধারাবাহিকতায় তিনি বৃহস্পতিবার ইন্ডিয়ার দিল্লিতে আনুষ্ঠানিকভাবে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে দায়িত্বভার গ্রহণ করেন।

ইডিডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading