আখেরি মোনাজাতে অংশ নেবেন ৪০ লাখ দেশি-বিদেশি মুসল্লি

আখেরি মোনাজাতে অংশ নেবেন ৪০ লাখ দেশি-বিদেশি মুসল্লি

উত্তরদক্ষিণ । রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ০৬:৩০

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত ইজতেমার প্রথম পর্ব। দেশ-বিদেশের লাখো মুসল্লির ইবাদত-বন্দেগি, জিকির-আসকার, তাসবিহ-তাহলিল আর আল্লাহু আকবার ধ্বনিতে মুখর ইজতেমার ময়দান। আখেরি মোনাজাতে দেশি-বিদেশি প্রায় ৩০-৪০ লাখ মুসল্লি অংশ নেবেন বলে ধারণা করছেন আয়োজকরা।

রবিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে ১০টার মধ্যে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব। কাকরাইল জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা জোবায়ের আহমেদ মোনাজাত পরিচালনা করবেন।

এর আগে, হেদায়েতি বয়ান করবেন ভারতের শীর্ষ মুরুব্বি মাওলানা ইব্রাহীম দেওলা।

এদিকে, আখেরি মোনাজাতকে কেন্দ্র করে শনিবার রাত ১২টার পর থেকে আজ সন্ধ্যা পর্যন্ত টঙ্গী এলাকায় যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুব আলম সংবাদ সম্মেলনে জানান, রাত ১২টা থেকে আব্দুল্লাহপুর থেকে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস, আব্দুল্লাহপুর থেকে কামারপাড়া রোড হয়ে টঙ্গী স্টেশন রোড পর্যন্ত সড়ক, আব্দুল্লাহপুর থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত এবং টঙ্গী স্টেশন রোড থেকে পূবাইল মীরের বাজার পর্যন্ত সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।

এছাড়া ময়মনসিংহ ও গাজীপুরগামী যানবাহনগুলো গাবতলী দিয়ে কোনাবাড়ি হয়ে এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী যানবাহনগুলো ভোগরা বাইপাস দিয়ে ৩শ ফিট রাস্তা ব্যবহার করে চলাচল করবে। এ সময় এসব সড়কে কোনো পণ্যবাহী গাড়ি চলতে দেওয়া হবে না। ইজতেমা ময়দানের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, আজ সকাল ৯টা থেকে ১০টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading