মিয়ানমার সীমান্তের পরিস্থিতির বিষয়ে জাতিকে অবহিত করার আহ্বান চুন্নুর
উত্তরদক্ষিণ । বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ২০:০৫
মিয়ানমার সীমান্তের উদ্ভূত পরিস্থিতির বিষয়ে জাতিকে অবহিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু। বুধবার (০৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি আহ্বান জানান। সংসদ অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।
মুজিবুল হক চুন্নু বলেন, মিয়ানমারে সংঘাত চলছে। আমাদের এরকমই অবস্থা যে, ওখান থেকে গুলি এসে আমাদের দুইজন মারা গেছে এবং ২৬৪ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্য অস্ত্রসহ বাংলাদেশের মধ্যে ঢুকতে বাধ্য হয়েছে। তারা আত্মসমর্পণ করেছে, তারা আমাদের বিজিবির তত্ত্বাবধানে আছে। আরাকানদের সাথে যুদ্ধটা যেভাবে শুরু হয়েছে, তাতে মনে হচ্ছে এটি অনেক লম্বা হবে। এমন হলে আমাদের দেশে যে ১২ লাখ রোহিঙ্গা আছে, তাদের ফেরত পাঠানোর বিষয়টি অনেকটাই অনিশ্চিত অবস্থায় চলে আসবে।
তিনি বলেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে উপস্থিত নেই। মানুষ একটা উদ্বেগের মধ্যে আছে। কারণ এখানে যুদ্ধের যে অবস্থা, আমরা ধৈর্য ধরব ঠিকাছে,কিন্তু ধৈর্য আমরা কতটুকু ধরব এবং আমরা কী কী পদক্ষেপ নিয়েছি! আমার মনে হয় ধৈর্য তো ধরবই, কিন্তু আমরা যদি কার্যকর কোনো কূটনৈতিক পদক্ষেপ দ্রুত না নেই, তাহলে আমাদের জন্য একটা বড় সমস্যা হয়ে যাবে। কারণ যেভাবে সেখানে যুদ্ধ হচ্ছে, দেখা যাবে এভাবে লোক আসবে যে, আমরা পুশব্যাক করেও পারব না, অবস্থাটা এ রকম হবে।
ইউডি/এজেএস

