পাকিস্তানে নির্বাচনে সহিংসতায় পুলিশসহ নিহত ৫
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১৬:৫০
পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক নির্বাচনের ভোটগ্রহণ চলছে। নির্বাচন ঘিরে সহিংসতায় পৃথক দুই হামলার ঘটনায় পুলিশসহ কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। খাইবার পাখতুনখাওয়া প্রদেশে এ ঘটনা ঘটেছে। খবর রয়টার্স।
বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টা থেকে সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত।
ডেরা ইসমাইল খান জেলার পুলিশপ্রধান রাউফ কাইসরানি জানান, পাকিস্তানের উত্তর-পশ্চিমের ডেরা ইসমাইল খান জেলার কুলাচি এলাকায় টহলরত পুলিশের ওপর জঙ্গিরা হামলা চালায়। বোমা বিস্ফোরণ ও গুলির আঘাতে অন্তত চারজন পুলিশ নিহত হয়েছেন।
৪০ কিলোমিটার উত্তরে একটি নিরাপত্তা বাহিনীর ট্যাংকের ওপর অজ্ঞাত বন্দুকধারীরা গুলি চালালে অপর এক ব্যক্তি নিহত হন।
মাকরান বিভাগের কমিশনার সাইদ আহমেদ উমরানি রয়টার্সকে জানান, কোনও হতাহতের ঘটনা ঘটায় ভোটগ্রহণ বন্ধ হয়নি।
এদিকে, দেশটিতে ভোটের দিনই মোবাইল পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি সামলাতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ক্রমশ খারাপ হওয়ায় সাময়িকভাবে মোবাইল পরিষেবা বন্ধ রাখা হয়েছে।
এর আগে, ভোটের আগের দিনই পাকিস্তানের বালুচিস্তানে পরপর দুইটি বিস্ফোরণ হয়েছে। মারা গেছেন ২৮ জন। করাচিতে গ্রেনেড আক্রমণে একজনের মৃত্যু হয়েছে।
ভোটগ্রহণের দুই তিন ঘণ্টা পর জানা যেতে পারে প্রাথমিক ফল। তবে পূর্ণাঙ্গ ফল জানতে শুক্রবার (৮ ফেব্রুয়ারি) পর্যন্ত অপেক্ষা করতে হবে।
উল্লেখ্য, পাকিস্তানের জাতীয় ও আঞ্চলিক নির্বাচনে সবমিলিয়ে ১৭ হাজার ৮১৬ জন প্রার্থী আছেন। এর মধ্যে জাতীয় নির্বাচনে পাঁচ হাজার ১২১ জন ও আঞ্চলিক নির্বাচনে ১২ হাজার ৬৯৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে ১১ হাজার ১৭৪ জন পুরুষ ও ৬০৭ জন নারী।
ইডিডি/এআর

