মেক্সিকোতে বাস দুর্ঘটনায় ১১ জন নিহত
উত্তরদক্ষিণ। শনিবার, ০২ মে, ২০২৬, আপডেট ১৯:১৫
মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় নায়ারিত রাজ্যে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত এবং ৩১ জন আহত হয়েছেন।
শনিবার (২ মে) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বাসটি জালিস্কো রাজ্য থেকে একটি পর্যটনকেন্দ্রের দিকে যাচ্ছিল। পথে আমাতলান দে কানাস এলাকায় হাইওয়ে থেকে ছিটকে পড়ে উল্টে যায়।
নায়ারিত সরকারের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পর জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় এবং সড়কটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। দুর্ঘটনার কারণ এখনো তদন্তাধীন।
সরকারি প্রকাশিত ছবিতে দেখা যায়, বাসটি রাস্তার পাশে কাদামাটির মধ্যে উল্টে পড়ে আছে।
লাতিন আমেরিকার বিভিন্ন দেশে সড়ক দুর্ঘটনা নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে মেক্সিকোর হাইওয়েতে এ ধরনের বাস দুর্ঘটনা প্রায়ই ঘটে।
এর আগে ২০২৫ ও ২০২৪ সালে দেশটিতে একাধিক ভয়াবহ বাস দুর্ঘটনায় বহু প্রাণহানি ঘটেছিল।
বিশেষজ্ঞরা বলছেন, যাত্রী পরিবহনে বাসের ওপর নির্ভরশীলতা বেশি হলেও সড়ক নিরাপত্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা দুর্বল হওয়ায় এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে।
ইউডি/রেজা

