বাংলাদেশের বন্দর ব্যবহারে আগ্রহ প্রকাশ করেছে নেপাল
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১৩:১০
পণ্য আমদানি রপ্তানিতে চট্টগ্রাম, মংলা ও পায়রা বন্দর ব্যবহারে আগ্রহ প্রকাশ করেছে নেপাল। বিশেষ করে বাংলাবান্ধা দিয়ে মোংলা পোর্ট ব্যবহারে বেশি গুরুত্ব দিয়েছে দেশটি।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে নেপালের রাষ্ট্রদূত ঘনস্যাম ভান্ডারী সাক্ষাৎ করে এই আগ্রহের কথা প্রকাশ করেন। মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সক্ষাৎ শেষে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সাংবাদিকদের জানান, ইন্ডিয়ার ২৩ কিলোমিটার ভূমি ব্যবহার করে কিভাবে নেপালের সঙ্গে যুক্ত হওয়া যায় আগামী দুই তিন মাসের মধ্যে এ ব্যাপারে বৈঠক হবে। এই সংকট নিরসনে বাংলাদেশ ইন্ডিয়া নেপাল একসঙ্গে কাজ করবে। নেপালের পক্ষ থেকে বন্দর ব্যবহার করে বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণে দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে কথা হচ্ছে। এই বিষয়টিকে আমরা অনেক বেশি গুরুত্ব দিচ্ছি।
সক্ষাতে নেপালের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর নেতৃত্বের ভূওসী প্রশংসা করেছেন বলেও জানান প্রতিমন্ত্রী।
ইউডি/এআর

