কারামুক্ত হয়েই লিফলেট বিতরণে বিএনপি নেতা আমিনুল
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১৩:০০
দ্বাদশ সংসদ বাতিল, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তি এবং দ্রব্যমূল্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীর পল্লবীতে লিফলেট বিতরণ করেছে বিএনপি নেতাকর্মীরা। ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব ও সদ্য কারামুক্ত নেতা আমিনুল হকের নেতৃত্বে জনসাধারণের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।
মঙ্গলবার (১৩ফেব্রুয়ারি) পল্লবী থানার ২নং ওয়ার্ডের বিভিন্ন বিপনিবিতান, ভ্রাম্যমাণ দোকান এবং পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন বিএনপি নেতাকর্মীরা।
তিন মাসেরও বেশি সময় কারাভোগ করার পরার সম্প্রতি মুক্তি পেয়েছেন আমিনুল হক। এরপরই কেন্দ্রঘোষিত কর্মসূচিতে যোগ দিলেন জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক।
লিফলেট বিতরণকালে আমিনুল বলেন, রাষ্ট্রের লুন্ঠিত অর্থ নিরাপদ রাখতে সরকার একতরফা ডামি নির্বাচনের মাধ্যমে জোর করে আবারও ক্ষমতায় এসেছে। কিন্তু এ সরকারকে দেশের জনগণসহ গণতন্ত্রকামী বিশ্ব না বলে দিয়েছে। তাদের অবাধ লুটপাটের কারণে দেশের অর্থনীতি আজ ভঙ্গুর অবস্থায় রয়েছে।
বিএনপির ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব বলেন, আওয়ামী লীগ দেশকে বিরোধীশূন্য করতে বিরোধীদলের নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে। বিচার বিভাগকে কুক্ষিগত করে, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে দেশে একদলীয় বাকশাল কায়েম করছে। এ অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হলে, গণতন্ত্র ও বাকস্বাধীনতা ফিরিয়ে আনতে হলে সকলকে রাজপথে নামতে হবে। জনতার আন্দোলন কখনও বিফলে যায় না।
কর্মসূচি পালনকালে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য. গত বছরের ২ নভেম্বর গুলশান-২ এলাকা থেকে আমিনুলকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা বিভিন্ন থানায় ১২টি মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।
এসব মামলায় দুই দফায় তাকে ১১ দিন রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ডে থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় তার কিডনিতে পাথর ধরা পড়ে।
তিন মাস ছয় দিন কারাভোগ শেষে গত ৮ ফেব্রুয়ারি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান আমিনুল।
ইউডি/এআর

