ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হতে পারবেন না ৪৫ বছরের কম বয়সীরা
উত্তরদক্ষিণ । বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১৮:১৫
৪৫ বছরের কম বয়সী কেউ ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হতে পারবেন না। বুধবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এতে বলা হয়েছে, স্বতন্ত্র পরিচালক হিসেবে নিযুক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির ন্যূনতম ১০ বছরের ব্যবস্থাপনা বা ব্যবসায়িক বা পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির ন্যূনতম বয়স ৪৫ বছর এবং সর্বোচ্চ বয়স হবে ৭৫ বছর।
স্বতন্ত্র পরিচালকের সংজ্ঞায় বলা হয়েছে, যিনি ব্যাংক-কোম্পানির ব্যবস্থাপনা ও শেয়ারহোল্ডার পদ থেকে স্বাধীন এবং যিনি কেবল ব্যাংক-কোম্পানির স্বার্থে স্বীয় মতামত প্রদান করবেন এবং ব্যাংকের সঙ্গে কিংবা ব্যাংক সংশ্লিষ্ট কোনও ব্যক্তির সঙ্গে যার অতীত, বর্তমান বা ভবিষ্যত কোনও প্রকৃত স্বার্থ কিংবা দৃশ্যমান স্বার্থের বিষয় জড়িত নন।
কেন্দ্রীয় ব্যাংক বলছে, ব্যাংক বা কোম্পানির পরিচালক সংখ্যা ২০ জনের কম হলে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা হবে দুই জন। স্বতন্ত্র পরিচালককে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি, ব্যাংকিং, ফিন্যান্স, ব্যবসায় প্রশাসন, আইন, হিসাববিজ্ঞান বিষয়ের স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। নতুন প্রবর্তিত ডিজিটাল ব্যাংকের স্বতন্ত্র পরিচালক নিয়োগের ক্ষেত্রে তথ্য-প্রযুক্তি বিষয়ে উচ্চতর প্রাতিষ্ঠানিক শিক্ষাকে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। সরকারি বা বেসরকারি বা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ বা ব্যবসায় প্রশাসন, ব্যবস্থাপনা, আইন ও তথ্য প্রযুক্তি বিষয়ে অভিজ্ঞ শিক্ষক, আইন পেশায় নিয়োজিত ব্যক্তি, হিসাব পেশায় নিয়োজিত হিসাববিজ্ঞান বিষয়ে প্রফেশনাল ডিগ্রিধারী ব্যক্তি, অভিজ্ঞ ব্যাংকার, বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও অর্থ বিভাগ, শিল্প মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের অভিজ্ঞ কর্মকর্তাদের অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা যাবে।
কোনও ব্যাংক বা ব্যাংক সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ কোনও প্রকৃত স্বার্থ কিংবা দৃশ্যমান স্বার্থের বিষয়ে জড়িত কোনও ব্যক্তি উক্ত ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হতে পারবেন না। ব্যাংক-কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগের জন্য মনোনীত ব্যক্তির পরিবারের কোনও সদস্য সংশ্লিষ্ট ব্যাংক-কোম্পানির শেয়ার ধারণ করতে পারবেন না এবং ওই ব্যাংক-কোম্পানির কোনও লাভজনক পদে নিয়োজিত থাকতে পারবেন না।
ইউডি/এজেএস

