ড. ওয়াজেদ মিয়ার দর্শন তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয় : স্পিকার
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ২০:১০
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ড. ওয়াজেদ মিয়ার আদর্শ ও দর্শন বিজ্ঞানমনস্ক তরুণ প্র প্রজন্মের জন্য অনুকরণীয়। তিনি বলেন, বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী ড. ওয়াজেদ মিয়া তরুণ প্রজন্মের নিকট একজন অনুসরণীয় ব্যক্তিত্ব। তরুণ প্রজন্ম ওয়াজেদ মিয়ার আত্মজীবনীসহ লিখিত গ্রন্থগুলো পড়লে বিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে সক্ষম হবে।
স্পিকার শুক্রবার নিজ নির্বাচনী এলাকা রংপুর-৬ এর পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ার সময় থেকেই ড. ওয়াজেদ মিয়া ছাত্ররাজনীতিতে সম্পৃক্ত হন। স্বাধীনতা সংগ্রামসহ পরবর্তী সময়ের রাজনৈতিক প্রেক্ষাপটে তার গুরুত্বপূর্ণ ভ‚মিকা রয়েছে। তিনি বলেন, ড. ওয়াজেদ মিয়ার মত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এক পরমাণু বিজ্ঞানীকে পেয়ে পীরগঞ্জবাসী গর্বিত।
তিনি বলেন, রংপুরে অবস্থিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধীনে ড. ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে। ড. ওয়াজেদের নামে রংপুরে টেক্সটাইল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। ঢাকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে তরুণ প্রজন্মকে বিজ্ঞান মনস্ক হতে হবে। এর আগে তিনি পীরগঞ্জ উপজেলা পরিষদে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ভবন উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করেন।
ইউডি/এজেএস

