আমরা যে আন্দোলন করেছি, তাতেকখনও ভাটার টান পড়েনি: মান্না
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১৮:১৫
৭ জানুয়ারির পর মানুষ একটা ধাক্কা খেয়েছে উল্লেখ করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমরা এমনভাবে নেমেছিলাম, মানুষ ভেবেছিল এই সরকার এবার শেষ। কিন্তু তা হয়নি। যখন সবাই মিলে রাজপথে নামবে, তখন তারা চলে যেতে বাধ্য হবে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত ‘গণতন্ত্র, মানবাধিকার-ভোটের অধিকার চাই’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
নিজেদের আন্দোলন প্রসঙ্গে ডাকসুর সাবেক এই ভিপি বলেন, আমরা যে আন্দোলন করেছি, তাতে কখনও ভাটার টান পড়েনি। বিএনপি যদি এখন একটা সমাবেশের ডাক দেয়, তাহলে এখনও পল্টনের এক মাথা থেকে আরেক মাথা দেখা যাবে না। আমরা বলছি না, আওয়ামী লীগকে সরিয়ে বিএনপিকে বসাবো। আমরা বলছি, অন্তবর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন দেওয়া হোক। এটা খুবই ন্যায্য একটা দাবি।
নাগরিক ঐক্যের সভাপতি বলেন, এই সরকারের সঙ্গে কোনও আপস নেই। যারা এই সরকারকে মদদ দিচ্ছে তাদের সাথেও কোনও আপস করবো না। সেটা চীন, আমেরিকা, রাশিয়া, ভারত যেই হোক না কেন। শুনেছি আমেরিকার কর্মকর্তারা নাকি সরকারের সঙ্গে কথা বলছে, মধ্যবর্তী নির্বাচন দেওয়ার জন্য। এরকম শুনলে ভালোই লাগে। তাই আমাদের যুগপৎ আন্দোলন চলছে, চলবে।
ইউডি/এজেএস

