অবশেষে সাদা পোশাকে আইরিশদের প্রথম জয়
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১ মার্চ, ২০২৪, আপডেট ২০:০০
২০১৮ সালে টেস্ট স্ট্যাটাস পেয়েছিল আয়ারল্যান্ড। ওই বছর মে মাসে প্রথমবার পাকিস্তানের বিপক্ষে লাল বলের ক্রিকেটে খেলেছিল তারা। অভিষেকের পর গত বছরের জুন পর্যন্ত পাঁচ বছরে মাত্র সাত টেস্টে খেলে আইরিশরা। কিন্তু সাদা পোশাকে জেতার স্বাদ কেমন, তা জানতে পারেনি। অবশেষে অষ্টমবারে এসে জয়ের দেখা পেলো আয়ারল্যান্ড। আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে ইতিহাস গড়লো অ্যান্ডি বালবির্নির দল।
তৃতীয় দিনে ৩ উইকেটে ১৩৪ রানে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করেছিল আফগানিস্তান। হাসমতউল্লাহ শহীদী আগের দিনের সঙ্গে আর দুই রান যোগ করে থামেন। মার্ক অ্যাডায়ারের বলে ৫৫ রানের বেশি করতে পারেননি আফগান অধিনায়ক। ২৩ রানে অপরাজিত নাাম রহমানউল্লাহ গুরবাজ একাই লড়াই করেন বাকি সময়। ৮৫ বলে ৪৬ রান করেন তিনি। শেষ দিকে নাভিদ জাদরান ২৫ রান কের দরীয় স্কোর দুইশ পার করেন। ২১৮ রানে অলআউট হয় আফগানিস্তান। সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন অ্যাডায়ার, ব্যারি ম্যাকক্যার্থি ও ক্রেইগ ইয়াং।
মাত্র ১১০ রানের লিড পায় আফগানরা। ১১১ রানের লক্ষ্য দিয়ে দারুণ শুরু করে তারা। নিজের প্রথম ওভারে নাভিদ পরপর দুই বলে পিটার মুর ও কার্টিস ক্যাম্ফারকে শূন্যতে বিদায় করেন। নিজাত মাসুদের বলে দলীয় ১৩ রানে হ্যারি টেক্টরও ফিরে গেলে চাপে পড়ে আয়ারল্যান্ড। এই বিপদে হাল ধরেন বালবির্নি। অপরাজিত হাফ সেঞ্চুরি করে তিনি দলকে জয়ের বন্দরে নেন। মাঝে পল স্টার্লিংকে জিয়াউর রহমান ফেরান। লরকান টাকারকে নিয়ে বালবির্নি ৭২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নেন। ৯৬ বলে ৫৮ রান করেন আইরিশ অধিনায়ক। ২৭ রানে অপরাজিত ছিলেন টাকার। ৪ উইকেট হারিয়ে ১১১ রান করেছে আয়ারল্যান্ড।
ইউডি/এজেএস

