সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ: ইন্ডিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
উত্তরদক্ষিণ । রবিবার, ১০ মার্চ, ২০২৪, আপডেট ১৭:৩০
সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ ফাইনালে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। ইন্ডিয়ার বিপক্ষে ফাইনাল ম্যাচ নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র ছিল। টাইব্রেকারে বাংলাদেশ ৩-২ গোলে ইন্ডিয়াকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। টাইব্রেকারে বাংলাদেশের জয়ের নায়ক গোলরক্ষক ইয়ারজান বেগম। ইন্ডিয়ার পাঁচ শটের মধ্যে তিনটি তিনি সেভ করেন। বিশেষ করে ইন্ডিয়ার শেষ শট তিনি সেভ করায় বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার উল্লাস করতে পেরেছে।
টাইব্রেকারের শুরুটা অবশ্য বাংলাদেশের ভালো হয়নি। দলের হয়ে প্রথম শট নেওয়া সুরভী আকন্দ প্রীতি মিস করেন। তার শট ঠেকিয়ে দেয় ইন্ডিয়ার গোলরক্ষক। টাইব্রেকারের জন্যই ইন্ডিয়ান কোচ ম্যাচ শেষ হওয়ার এক মিনিট আগে গোলরক্ষক পরিবর্তন করেন। ভারত প্রথম শটে গোল করলে বংলাদেশ পিছিয়ে পড়ে। ইন্ডিয়ার দ্বিতীয় ও তৃতীয় শট টানা সেভ করে বাংলাদেশকে ম্যাচে রাখেন ইয়ারজান বেগম। পক্ষান্তরে মারিয়াম ও থুইনি মারমা গোল করলে বাংলাদেশ ২-১ এর লিড পায়। ইন্ডিয়া চতুর্থ শটে গোল করলে স্কোরলাইনে আবার সমতা হয়। বাংলাদেশের পঞ্চম শটে সাথী মুন্ডা গোল করেন। ইন্ডিয়াকে খেলায় টিকে থাকতে হলে পঞ্চম শটে গোল করতেই হতো।বাংলাদেশের গোলরক্ষক শেষ শট সেভ করায় ৩-২ স্কোরলাইনে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।
গত মাসে ঢাকায় কমলাপুরে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ও ইন্ডিয়া যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছিল। ঐ ম্যাচেও নির্ধারিত সময়ে স্কোরলাইন ১-১ ছিল। টাইব্রেকারে দুই দলই ১১ গোল করে। পরবর্তীতে আকস্মিকভাবে নিয়ম বর্হিভূতভাবে ম্যাচ কমিশনার টস করেন। টসে ইন্ডিয়া জিতে উল্লাস করে। অন্য দিকে বাংলাদেশ আপত্তি জানায়।পরবর্তীতে সাফ যুগ্ম শিরোপা ঘোষণা করে।
ইউডি/এজেএস

