অপারেশনাল ত্রুটিতে ডিএসইএক্সে ‘বিভ্রান্তি’
উত্তরদক্ষিণ । রবিবার, ১০ মার্চ, ২০২৪, আপডেট ১৮:২০
তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের একটি কোম্পানির তথ্য হালনাগাদ করতে গিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্ভার ত্রুটিতে পড়ে, যা দিন শেষেও সমাধান হয়নি। যদিও এক ঘোষণায় দেশের প্রধান স্টক এক্সচেঞ্জ দাবি করেছে সমস্যার সমাধান হয়েছে। রবিবার সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেনের শুরুতেই এ কারিগরি ত্রুটির কথা জানায় ডিএসই; চার ঘণ্টা শেষেও যা সমাধান হয়নি। এতে সূচকের ওঠানামার কোনো তথ্য জানতে পারা ছাড়াই বিনিয়োগকারীদের আন্দাজের ওপর ভিত্তি করে শেয়ার কেনাবেচা করতে হয়েছে।
দিন শেষে দেশের প্রধান এ স্টক এক্সচেঞ্জের তথ্য বলছে, ৬ হাজার ১১২ পয়েন্ট নিয়ে আগের দিন শেষ হওয়া ডিএসইএক্স সূচক রবিবার লেনদেন শেষে কমেছে ৫ হাজার ৯৭১ পয়েন্ট বা প্রায় ৯৮ শতাংশ। সূচকের অবস্থান দেখাচ্ছে ১৪১ দশমিক ৫৬ পয়েন্ট। শেয়ারদর ওঠানামায় সার্কিট ব্রেকার (সর্বোচ্চ কতটুকু উঠতে বা কমতে পারে) থাকায় একদিনে এতটা পতন কোনোভাবেই সম্ভব নয়।
কারিগরি ত্রুটির কারণ হিসেবে ডিএসই আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। তবে কোম্পানির নাম উল্লেখ না করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির মুখপাত্র নির্বাহী পরিচালক রেজাউল করিম গণমাধ্যমকে বলেন, তালিকাভুক্ত একটি আইটি কোম্পানির তথ্য হালনাগাদ করতে গিয়ে প্রধান সূচকে সমস্যা তৈরি হয়। কোম্পানির তথ্য পরিবর্তনের সঙ্গে প্রধান সূচক সমন্বয় করতে গিয়েই তা হয়। বিএসইসির প্রতিনিধি দল ডিএসইতে গিয়েছে। আশা করছি দ্রæত পুরো ঘটনা জানা যাবে।
ওয়েবসাইটে ভুল তথ্য দেখানো প্রসঙ্গে ডিএসইর টুডেস নিউজে জানানো হয়, অপারেশনাল ত্রæটির কারণে ডিএসইর সূচকে অস্বাভাবিক চিত্র দেখা দিচ্ছে। বিনিয়োগকারীদের আজকের সূচকগুলো উপেক্ষা করতে বলা হয়। একই সাথে এতে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করা হয়। এ প্রসঙ্গে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান গণমাধ্যমকে বলেন, অপারেশনাল ত্রুটিতে ডিএসইর ওয়েবসাইটে সূচকগুলোতে ভুল তথ্য দেখা যাচ্ছে। এই সমস্যা সমাধানে ডিএসইর সংশ্লিষ্ট টিম কাজ করছে। খুব দ্রুত এটা ঠিক হয়ে যাবে।
ইউডি/এজেএস

