চিকিৎসকদের উদ্দেশে প্রধানমন্ত্রী: প্রাইভেট প্র্যাকটিস কমিয়ে গবেষণায় মনোযোগ দিন
উত্তরদক্ষিণ । সোমবার, ১১ মার্চ, ২০২৪, আপডেট ১৪:৪৫
দেশের চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস কমিয়ে গবেষণায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাস্থ্য বিষয়ক গবেষণায় বাংলাদেশের পিছিয়ে থাকার কথা তুলে ধরে তিনি বলেছেন, ডাক্তার সাহেবরা প্র্যাকটিস করে, টাকা কামাই করে, গবেষণার দিকে বেশি যায় না। ঠিক? কয়েকজন ডাক্তার আছে, আমি সামনাসামনি জিজ্ঞাসা করছি। এখন গবেষণার প্রতি গুরুত্ব দিতে হবে। সোমবার (১১ মার্চ) বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ এবং বিশেষ গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন সরকারপ্রধান।
চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, গবেষণায় গুরুত্ব দিলে দেশের মানুষ আরও সুস্থ হবে, সবল হবে, মেধাবীরা আরো মেধা বিকাশের সুযোগ পাবে। গবেষণা অপরিহার্য। স্বাস্থ্য বিষয়ে যারা গবেষণা করবে, তাদেরকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে। চিকিৎসকদের তিনি বলেন, যারা সরকারি চাকরি করছেন, তারা প্রাইভেট প্র্যাকটিসটা একটু কমিয়ে দিয়ে গবেষণার দিকে মনোযোগ দেন। যারা গবেষণা করবেন, তাদের উৎসাহ দেওয়ার জন্য যা প্রয়োজন আমরা করব। গবেষণাটা আমাদের খুব দরকার। বিজ্ঞান এবং স্বাস্থ্য বিজ্ঞান, এই দুইটার ওপর আমাদের গবেষণায় সবচেয়ে গুরুত্ব দিতে হবে। সরকার প্রধান বলেন, আমরা চাই, আমাদের গবেষণায় আরো বেশি সকলে মনোযোগী হবে। গবেষকদের কোনো অসুবিধা থাকলে সেটা কীভাবে দূর করা যায়, সে ব্যাপার আমাদের সরকার সবসময় অত্যন্ত আন্তরিক।”
প্রধানমন্ত্রী বলেন, আজকে গবেষণার জন্য যে টাকা আমরা অনুদান হিসেবে দিচ্ছি, মনে রাখতে হবে, এই টাকাটা বাংলাদেশের জনগণের টাকা। জনগণের টাকা জনগণের কল্যাণে যেন লাগে। কারণ গবেষণা থেকে যেটা উদ্ভাবন হবে, সেটা কিন্তু জনগণের কাজে লাগবে। সেই কথাটাই মাথায় রাখতে হবে। আমি মনে করি তরুণের যে মেধাশক্তি, সেটা বিকাশের মধ্যে দিয়ে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব। সরকারপ্রধান বলেন, আমরা দেশের সকল বিভাগীয় শহরের নভোথিয়েটার স্থাপন করছি। প্রথমে ঢাকায় করেছি। নভোথিয়েটারের কাজ শুরু করার পর কাজ শেষ করতে পারিনি, ২০০১ আমরা সরকারে আসতে পারেনি। আমি নভোথিয়েটার করার জন্য খালেদা জিয়া সরকারে এসেই দুইটা মামলা দিয়েছিল। এটা করলাম কেন? তখন আমি বলেছি, ভালো করে তদন্ত করে রিপোর্ট দিতে হবে। আমরা একনেকে যারা বসতাম সবাইকে একসঙ্গে মামলার আসামি করে। প্রায় এক ডজন মামলা দিয়েছিল। ২০০৭ সালে দিয়েছিল আরো ছয়টা। আমি বলেছি, সবগুলো তদন্ত করে রিপোর্ট দিতে হবে। আমরা বিভাগে শহরে প্রথমে একটা করে নভোথিয়েটার করব। সেই ব্যবস্থা নিয়েছি৷ রাজশাহীতে ইতোমধ্যে উদ্বোধন করা হয়েছে।
ইউডি/এজেএস

